আরিফুজ্জামান আরিফ ।। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় যশোরের শার্শার যুবায়ের (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা ১১ টার দিকে মালয়েশিয়ার জোহর বারুই শহরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবায়ের উপজেলার শার্শা ইউনিয়নের বলিদাহ গ্রামের রুহুল আমিনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, পরিবারের ভাগ্য ফেরাতে জীবিকার তাগিদে যুবায়ের ৬ মাস আগে মালয়েশিয়ায় যায়। সেখানে তিনি চার চাকার ট্রাক চালাতেন।ঘটনার দিন ট্রাকে মাল বোঝায় করে নিয়ে তার গন্তব্যে যাচ্ছিলেন। এসময় পথিমধ্যে জোহর বারুই শহরে পৌছালে ট্রাকটি উল্টে গিয়ে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
শার্শা ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দীন আহম্মেদ তোতা বিষয়টি নিশ্চিত করে জানান, যুবায়ের এর লাশ জোহর বারুই শহরের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ দেশে ফেরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তার পরিবার।
এদিকে যুবায়েরের আকস্মিক অকাল মৃত্যুতে পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।।