যশোর পৌরসভার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের বিকল্প পদক্ষেপ না থাকায় ভারি বৃষ্টির কারণে চরম দুর্ভোগে পড়েছেন শহরের বড় একটি অংশের নাগরিকরা। নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাড়িঘরে ঢুকে পড়ছে পানি। এ কারণে অনেক পরিবারে রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। পৌরসভা বলছে, পানি নিষ্কাশনের কাজ চলমান। তবে, দৃশ্যত তেমন কোনো উদ্যোগে কারো চোখে পড়েনি বলেও অভিযোগ উঠেছে। ভারি বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে নিম্ন আয়ের মানুষ চরম বিপাকে পড়েছেন। কয়েক দিনের বৃষ্টিতে কাজকর্ম প্রায় বন্ধ রয়েছে তাদের।
যশোর আবহাওয়া অফিস জানায়,বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত ৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর বুধবার বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৩৫ মিলিমিটার। আজ শনিবার থেকে বৃষ্টি কম হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ভারি বর্ষণে জলমগ্ন হয়ে আছে যশোর শহরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট। প্লাবিত হয়েছে পৌরসভার ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড। এই তিনটি ওয়ার্ডের অনেকের বসত ঘরে পানি ঢুকেছে। ঘরে ও বাইরের জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে আছেন এসব ওয়ার্ডের মানুষ। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও গত চার বছর ড্রেন পরিষ্কার না করার কারণে এই দুর্ভোগ। রোজগার বন্ধ হওয়ার উপক্রম নিম্ন আয়ের মানুষের।
রবিউল ইসলাম নামে একজন রিকশা চালক জানান, তিনি প্রতিদিন আয় করেন ৪০০- ৫০০ টাকা। তাতেই চার পাঁচজনের সংসার চলে। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে অবস্থা বেশ খারাপ।
শহরের বিভিন্ন এলাকায় দেখা গেছে, রাস্তার পাশের বেশিরভাগ ড্রেন দিয়ে পানি নামছে না। ফলে পানি উপচে সড়ক জলমগ্ন হচ্ছে। কিছু কিছু সড়কের কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভারি বৃষ্টির কারণে শহরের রেলবাজারের অবস্থা খুব নাজুক হয়ে পড়েছে। পানির উঠে যাওয়ার কারণে এখানকার সবজি ও মাছের বাজার বন্ধ হয়ে যায়।
শহরের বেজপাড়া চোপদারপাড়া, বেজপাড়া তালতলা মোড় থেকে হয়ে সরকারি মুরগি প্রজনন খামারের সামনের রেললাইনের দু’পাশ, কেন্দ্রীয় বাস টার্মিনালে যাওয়ার সড়কের বিটুমিনের আস্তরণ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে যানবাহনে এমনকি হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে স্থানীয়দের জন্য। আনসার-ভিডিপি ক্যাম্প, যশোর কলেজ ও যশোর মেডিকেল কলেজে যাতায়াতের জন্য এই সড়কটি গুরুত্বপূর্ণ। চোপদারপাড়ায় পয়ঃনিষ্কাশনের জন্যও ভালো কোনো ব্যবস্থা নেই। দু’যুগের মধ্যে এই সড়ক সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এমন অভিযোগ করেছেন স্থানীয়রা। এ কারণে বৃষ্টি হলেই দুর্ভোগে পড়েন এই এলাকার জনসাধারণ। একই অবস্থা খড়কির শাহ আবদুল করিম সড়কের। এমএম কলেজের দক্ষিণ গেটের পাশের খড়কি মোড়ে বর্তমানে হাঁটুপানি। এ কারণে এই সড়ক দিয়ে চলাচল এক প্রকার বন্ধ হয়ে গেছে।
এছাড়া, শহরের টালিখোলা, স্টেডিয়ামপাড়া, সার্কিট হাউজপাড়া, রায়পাড়া, শংকরপুর, ঘোপ কবরস্থান পাড়া, বেজপাড়া, তালতলা, নলডাঙ্গা রোড এলাকা, টিবি ক্লিনিক এলাকা, আশ্রম রোড এলাকা, বরফ কলের মোড়, লোন অফিসপাড়া, বড় বাজারের আবাসিক এলাকা, ষষ্ঠীতলা, এম.এম কলেজ রোড, ফায়ার সার্ভিস অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, শিক্ষাবোর্ড, ফুড গোডাউন, কৃষি অফিস পানিতে একাকার হয়ে যায়। পানিতে এখনো ময়লা আবর্জনা ভাসছে।
শহরের বাসিন্দা রানার অফিস এলাকার হুসাইন আলী বলেন, সামান্য বৃষ্টি হলেই সড়কে হাঁটু পানি জমে যাচ্ছে। পিটিআই সড়কে ড্রেন নির্মাণের কাজ চলছে। মাসখানেক ধরেই সড়কটিতে পানি জমে আছে। টিবি ক্লিনিক মোড় পর্যন্ত জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌর কর্তৃপক্ষের কর্মকর্তারা খোঁজখবর নিতে আসেন না।
স্টেডিয়ামপাড়ার বাসিন্দা ফরিদুল ইসলাম বলেন, সামান্য বৃষ্টিতেই এলাকায় পানি জমে যায়। স্টেডিয়ামপাড়া একটি গুরুত্বপূর্ণ এলাকা হওয়ার পরও অবহেলিত। এ এলাকার আশপাশে পানি জমে গেছে। একটু বৃষ্টিতেই এমএম কলেজের প্রধান গেটের সামনে হাঁটুসমান পানি জমে গেছে। এতে কলেজে যাতায়াতকারী শিক্ষক-শিক্ষার্থীসহ খড়কি এলাকার মানুষকে অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হচ্ছে।
শংকরপুর এলাকার গোলাম মাজেদ বলেন, যশোর শহরের পানি নিষ্কাশন হয় দক্ষিণ পাশের বিল হরিণায়। সেখান থেকে মুক্তেশ্বরী নদী দিয়ে পানি বেরিয়ে যায়। কিন্তু গত চার বছর ধরে বিল হরিণায় পানি নিষ্কাশনের যে ড্রেন তা পরিষ্কার করেনি পৌরসভা।
তবে শহরে জলাবদ্ধতা হলেও এ বৃষ্টিকে আশীর্বাদ হিসেবে দেখছেন জেলা কৃষি কর্মকর্তা মঞ্জুরুল হক। তিনি বলেন, এখনো পর্যন্ত যে বৃষ্টি হয়েছে তা সামগ্রিকভাবে ফসলের জন্য আশীর্বাদ। বিশেষ করে আমন ধানের ক্ষেত্রে এই ধরনের পানি খুব দরকার। আগামী বোরো মৌসুমে পানির স্তর স্বাভাবিক রাখবে এই পানি। তবে, এই বৃষ্টি যদি আগামী তিন-চারদিন বা তারও বেশি স্থায়ী হয় সেক্ষেত্রে সবজির জন্য কিছু ক্ষতি বয়ে আনতে পারে।
যশোর পৌরসভার মেয়র হায়দার গণী খান পলাশ বলেন, জনগণ যদি ড্রেনে ময়লা ফেলে তাহলে তো ড্রেন বন্ধ হয়ে যাবেই। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন যাতে কেউ আর ড্রেনে ময়লা না ফেলে। তিনি বলেন, ড্রেনেজ ব্যবস্থা নিয়ে পৌরসভা কিছু মাস্টার প্ল্যান তৈরি করেছে দু’বছর আগে। ইতিমধ্যে কিছু বড় বড় কাজের টেন্ডার হয়ে গেছে। কিছু কাজ চলমান। তবে, বৃষ্টির কারণে কিছু কাজ বন্ধ রয়েছে।