এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৬ অক্টোবর, ২০২৩ খ্রি. রাত ১০.৫০ ঘটিকায় খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী কাজীবাড়ী টিএন্ডটি টাওয়ার এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ০১ (এক) জন ভিকটিমকে উদ্ধারপূর্বক সংঘবদ্ধ অপহরণ চক্রের ০৫ (পাঁচ) সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীরা হলো: বিলকিস তানিয়া (৩০), পিতা- ইদ্রিস শেখ, সাং- শিবপুর, মো. বিপ্লব (৩০), পিতা- মিজানুর রহমান, সাং- আদুয়াবর্পী চরপাড়া, ইব্রাহিম হোসেন রাজু (২৯), পিতা- একরাম খলিফা, সাং- কলিগাতী, লিংকন খলিফা (২৪), পিতা- দিদার হোসেন খলিফা, সাং- কলিগাতী, আমির শেখ (৩০), পিতা- মোকশেদ শেখ , সাং-শিবপুর, থানা- চিতলমারী, জেলা- বাগেরহাট। গ্রেফতারকালে আসামীদের নিকট থেকে অপহরণের কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন, নগদ অর্থ, লাঠি, হাতুড়ি ও রশি উদ্ধার করা হয়েছে।
ঘটনার কিছুদিন পূর্বে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সাথে গ্রেফতারকৃত বিলকিস তানিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। ০৫/১০/২০২৩ খ্রি. সকালে ঐ শিক্ষক ব্যক্তিগত কাজে খিলগাঁও যান। সেখানে অবস্থানকালে গ্রেফতারকৃত আসামি বিলকিস তানিয়া তার সাথে দেখা করতে চাইলে তারা খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেটের সামনে দেখা করেন। সেখান থেকে আসামি তার পূর্বপরিকল্পনা মোতাবেক গ্রেফতারকৃত অপরাপর আসামিদের সহযোগিতায় ভিকটিমকে অপহরণপূর্বক মারধর করে জীবননাশের হুমকি দিয়ে ভিকটিমের মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের আত্মীয়স্বজনের কাছ থেকে মুক্তিপণ দাবী করতে থাকে।
আসামিরা ভিকটিমের আপত্তিকর ছবি ও ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ারও হুমকি দেয়। একপর্যায়ে, পরিবারের লোকজন ভুক্তভোগীর ফোন বন্ধ পেয়ে কলাবাগান থানায় একটি সাধারন ডায়েরী করেন (কলাবাগান থানার জিডি নং -৩১৮,তাং- ০৫/১০/২০২৩)।
০৬/১০/২০২৩ খ্রি. ভুক্তভোগীর আত্মীয়-স্বজন বিষয়টি এন্টি টেররিজম ইউনিটকে অবহিত করেন। এটিইউ এর একটি দল তথ্য অপহরণকারী চক্র ও ভিকটিমের অবস্থান সনাক্ত করে খিলগাঁও থানা পুলিশের সহায়তায় খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী কাজীবাড়ী এলাকা থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধার ও অপহরণ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।