ভারতের ধর্মশালায় চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভালই চমক দেখিয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে ইংল্যান্ডের বিপক্ষে দেখা গেল বিবর্ণ ব্যাটিং চেহারা। এর ফলে পরাজয়ের ব্যবধানটাও বেশ বড়। সাকিব বাহিনীদের হারতে হয়েছে ১৩৭ রানে। এর আগে ইংল্যান্ড করে ৩৬৪ রান।
বাংলাদেশর ব্যাটিং ইনিংসে ইংল্যান্ডের উইকেটের দেখা পেতেও খুব বেশি সময় লাগেনি। মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই রিচ টপলিকে খোঁচা দিয়ে তানজিদ হাসান তামিম ক্যাচ দেন দ্বিতীয় স্লিপে, তখন তার রান কেবল এক। এমনিতেই বিপদের শেষ নেই, সেটি আরও বাড়ে পরের বলেই নাজমুল হোসেন শান্ত পয়েন্টে ক্যাচ দিলে।
হ্যাটট্রিকের সম্ভাবনা জাগে টপলির। সাকিব আল হাসান ওই বলে মুখোমুখি হয়ে কিছুই বুঝে উঠতে পারেননি। নয় বলে এক রান করেন। চারে খেলতে নামা মিরাজও সুবিধা করতে পারেননি। মার্ক উডের বলে উইকেটের পেছনে বাটলারের হাতে ক্যাচ দেন তিনি। এরপর তাওহীদ হৃদয়ের সঙ্গে মুশফিকুর রহিমের ৪৫ রানের জুটি কেবল ব্যবধানই কমিয়েছে দু’দলের।
৬৪ বলে ৫১ রান করে টপলির বলে আদিল রশিদের কাছে ক্যাচ দিয়ে মুশফিক আউট হন। শেষ সম্ভাবনা তাওহীদ হৃদয়ও খেলছিলেন ব্যবধান কমানোর জন্য। তার সঙ্গী ছিলেন একাদশে ফেরা মাহেদী হাসান। কিন্তু লিভিংস্টোন বোলিংয়ে এসে প্রথম বলেই ফিরিয়ে দেন হৃদয়কে। দুইটি চারে ৬১ বলে ৩৯ রান করে তার ফেরার পর কার্যত শেষ হয়ে যায় সব সম্ভাবনাও। এরপর কেবল অপেক্ষা ছিল বাংলাদেশের হারের মুহূর্তটা আসার।
এর আগে আফগানিস্তানের বিপক্ষে দারুণ বোলিং হয়েছিল বাংলাদেশের। সে কারণে এ ম্যাচেও টস জিতে আগে ফিল্ডিংয়েই নামে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদকে বসিয়ে নেওয়া হয় মাহেদী হাসানকে। কিন্তু প্রথম উইকেটটা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ১৮ ওভারের পঞ্চম বল পর্যন্ত।
২০১৪ সালে করা বিরাট কোহলির ইনিংস ছাড়িয়ে ধর্মশালায় ১৬ চার ও পাঁচ ছক্কায় ১০৭ বলে ১৪০ রান করে মাহেদী হাসানের বলে বোল্ড হন তিনি। প্রথম উইকেটটা এনে দিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। তিনিও বোল্ডই করেছেন। ফ্লিক করতে গিয়ে সাকিবের স্লোয়ারে বোল্ড হন ৫৯ বলে ৫২ রান করা জো রুট।
শরিফুল ইসলাম ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলারকে ফিরিয়ে জাগিয়ে তোলেন হ্যট্রিকের সম্ভাবনাও। শেষ অবধি পূরণ করতে পারেননি তিনি হ্যট্রিক। বাংলাদেশের বোলাররা পরে অবশ্য ঘুরে দাঁড়ায়। কিন্তু ততক্ষণে একটু বেশিই দেরি হয়ে গেছে। আদিল রশিদের সাত বলে ১১ কিংবা ক্রিস উইকসের ১১ বলে ১৪ রানের ইনিংসে ইংল্যান্ডের রান সাড়ে তিনশ ছাড়িয়ে গেছে।