বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর গুলশানের বাসা থেকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটে তাকে আটক করা হয়।
মির্জা ফখরুলের স্ত্রী রাহাতারা বেগম উপস্থিত সাংবাদিকদের বলেন, পুলিশ এসে ভবনের সব সিসি ক্যামেরা ডিভাইস নিয়ে গেছে। পুলিশ বলেছে যে উপরের অর্ডার এসেছে, তাকে নিয়ে যেতে হবে। আমি আশা করবো পুলিশের কাছে তাকে যেন আবার ফিরিয়ে দেওয়া হোক।
তিনি বলেন, বাসায় সাদা পোশাকের পুলিশসহ ইউনিফর্ম পরিহত অবস্থায় প্রথমে বাসার ভেতর এসে কথা বলেন। এরপর তারা চলে যান, কিন্তু বাসার নিচে তাদের উপস্থিতি ছিলো। তারপর ১০ মিনিট পর আবার বাসার ভেতর এসে তাকে নিয়ে যায়।
মির্জা ফখরুল অসুস্থ বলেও জানান স্ত্রী রাহাতারা বেগম।
ডিএমপির উপকমিশনার (গুলশান) মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, মির্জা ফখরুলকে ডিবি নিয়ে গেছে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুলশানের বাসা থেকে তাকে নিয়ে গেছে ডিবি পুলিশ।
শান্তিপূর্ণ মহাসমাবেশে বাধা দেওয়ার প্রতিবাদে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি-জামায়াতসহ সমমনা অন্যান্য দলগুলো।