এবার দু’দিনের অবরোধ শুরুর আগেই ঢাকায় চারটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে, নিউমার্কেটের গাউছিয়া মার্কেটের সামনে ও গুলিস্থান এলাকায় বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ওই তিন স্থানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য জানান।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু বলেন, নিউমার্কেট এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাউছিয়া মার্কেটের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মিরপুর লিংক পরিবহনের ওই বাসে আগুন লাগার সময় বাসে যাত্রী ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে ৭টা ৩৫ মিনিটের দিকে এলিফ্যান্ট রোড, মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া রাত সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে সায়েদাবাদ জনপথ মোড় ফ্লাইওভারের নিচে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পোস্তাগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিন বাসে আগুনের ঘটনায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এরপর রাজধানীর গুলিস্তানে হল মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। রাত ১০টা ২ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
এদিকে, রোববার থেকে দ্বিতীয় দফায় টানা দু’দিনের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি ও সমমনারা। সর্বাত্মক এ অবরোধে সড়ক, নৌপথ ও আকাশপথে চলাচল বন্ধের কথা বলা হয়েছে।