কুষ্টিয়ায় এসে ঢাকা-১৭ ঝালুপাড়া ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করতে আসা সবুজ নামে একজন রোহিঙ্গাকে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন।
আটক সবুজ, ১৭ নম্বর ওয়ার্ড ঢাকা ঝালুপাড়া গ্রামের ঠিকানা ব্যবহার করেছেন। এতে পিতার নাম মো. খেদের আলী ও মাতা মরিয়ম বেগম লিখেছেন এবং সেইসাথে কুষ্টিয়ার পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু জাহিদ সঞ্জুর সুপারিশক্রমে পৌরসভা থেকে নাগরিক সনদপ্রাপ্ত হন।
কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বলেন, বুধবার দুপুর সোয়া ১টার দিকে সবুজ আবেদনপত্র জমা দেন। আবেদনপত্রের সঙ্গে নিজের ভোটার আইডি কার্ড, নাগরিক সনদ দাখিল করেন। পরে পাসপোর্ট অফিসের কর্মকতা হাসান আলীর আবেদনকারীকে সন্দেহ হয়। এরপরই তদন্তের মাধ্যমে জানা যায় তিনি একজন রোহিঙ্গা। তাৎক্ষণিক তাকে গ্রেপ্তার করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।