পাবনার ভাঙ্গুড়া উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। শনিবার (৬ জানুয়ারি) উপজেলার বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে উপজেলার অষ্টমনিষা গ্রামের গোলাপ হোসেনের বাড়ি থেকে দুটি গরু চুরি করে নৌকায় করে পালাচ্ছিলেন কয়েকজন চোর। বিষয়টি দেখতে পেয়ে গরুর মালিকসহ আশপাশের লোকজন চোর দলকে ধাওয়া করে। এক পর্যায়ে তাদেরকে ধরতে না পেরে বিভিন্ন এলাকার লোকজন ও আত্মীয়-স্বজনদের খবর পাঠানো হয়। এরই মধ্যে বেতুয়ান গ্রামে লোকজন দেখে গরু ফেলে পালানোর চেষ্টা করছে চোরের দল। এসময় এলাকাবাসী তিনজনকে ধাওয়া ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। পালিয়ে যায় একজন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।