দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অতি উৎসাহী হয়ে পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে যশোরের দু’জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন-ইসি। এই দু’জনের সাথে দেশের অন্যান্য জেলার আরও ৩০ জন শিক্ষক শাস্তির আওতায় আসছেন বলে ইসি সূত্রে জানা গেছে। এসব শিক্ষকের সকলেই সরকারি চাকরিজীবী। ১৩ টি আসনের এসব শিক্ষক চাকরিবিধি লঙ্ঘন করেছেন। অতি উৎসাহী এসব শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দেওয়ার প্রস্তুতি নিয়েছে ইসি।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। অপরাধ অনুযায়ী, বিভাগীয় মামলা, তিরস্কার, পদাবনতি, চাকরিচ্যুতিসহ বিভিন্ন ধরনের সাজার বিধান রয়েছে এই আইনে।
যশোরের আটটি উপজেলা নিয়ে ছয়টি সংসদীয় আসন গঠিত। এরমধ্যে সর্ববৃহৎ উপজেলা মণিরামপুর নিয়ে গঠিত যশোর-৫ আসন। এই আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদ্য সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও স্বতন্ত্র প্রার্থী জেলা কৃষক লীগের সহসভাপতি মো. ইয়াকুব আলীর মধ্যে। নির্বাচন চলাকালীন সদ্য সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে পক্ষে সরাসরি প্রচার-প্রচারণা চালান স্থানীয় মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের প্রভাষক মামুনর রশিদ ও ঢাকুরিয়া কলেজের অধ্যক্ষ তাপস কুমার কুন্ডু। সরকারি কর্মচারী হয়ে সরাসরি প্রচারণায় যুক্ত হওয়ায় তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়। কমিশন তাদের তদন্তে অভিযোগের সত্যতা পায়। এরপর শিক্ষা বিভাগে এই দু’ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, নির্বাচনে স্বপন ভট্টাচার্য্য পরাজিত হয়েছেন আর নির্বাচিত হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ইয়াকুব আলী।
একইভাবে ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হাবিব হাসানের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহিনুর মিয়া, উত্তরা গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সভাপতি নুরুল আমীন ও কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খুরশিদ জাহান, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ-সদস্য মো. মাজহারুল ইসলাম সুজনের পক্ষে প্রচার চালানোর অভিযোগে শহিদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক মোমিনুল ইসলাম ভাসানী, নাটোর-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর কারণে শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, সিরাজগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচার চালানোয় চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ সরকার, নারায়ণগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. নজরুল ইসলাম বাবুর পক্ষে নির্বাচনী মিছিল করায় সেন্ট্রাল করোনেশন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন, গোপালদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান কামাল, জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল হক, উজানগোবিন্দী বিনাইরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার উজ-জামান খান, জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, মুকুন্দী গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য সহকারী লুৎফুন্নাহার বেগম ও রোকনউদ্দিন মোল্লা গার্লস উচ্চ বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মইনুল হোসেন মানিক, কুমিল্লা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী সেলিমা আহমাদের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম এবং বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুকের পক্ষে লিফলেট বিতরণ করায় মধ্য কড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমিন আক্তারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, সরকারি কয়েকজন চাকরিজীবী চাকরিবিধি লঙ্ঘন করার ঘটনায় কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত দিয়েছে স্ব স্ব দপ্তরকে।