যশোরের অভয়নগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও যশোর জেলা মহিলা লীগের সদস্য ডাক্তার মিনারা পারভীনের বাসভবনে গভীররাতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় অবস্থিত মহিলা ভাইস চেয়ারম্যানের নিজ বাসভবনে এ হামলা ও ভাংচুর চালায় দুর্বৃত্তরা। এসময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
প্রতিবেশী ইসমাঈল হোসেন বলেন, ‘রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি এমন সময় হঠাৎ ভাংচুরের বিকট শব্দ শোনা যায়। তখন বের হয়ে দেখি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডাক্তার মিনারা পারভীনের বাড়ির বেশ কয়েকটি জানালার কাচ ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে।’
মিনারা পারভীনের স্বামী ডাক্তার মোক্তার হোসেন বলেন, ‘রাতে প্রতিবেশী মারফতে জানতে পারি আমার বাড়িতে হামলা করে ভাংচুর চালানো হয়েছে। কে বা কারা রাতের অন্ধকারে এ হামলা চালিয়েছে। প্রশাসনকে জানিয়েছি। তারা সরেজমিন পরিদর্শন করেছেন।’
ডাক্তার মিনারা পারভীন বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে।’
অভয়নগর থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’