যশোরের মণিরামপুরে স্বাস্থ্য বিভাগ চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এরমধ্যে তিনটি প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা করাসহ সিলগালা করে দেয়া হয়েছে। শনিবার বেলা ১২টা হতে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার মশিয়াহাটি, রাজগঞ্জ ও হরিহরনগর পারবাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান জানান, বেলা ১২টার দিকে উপজেলার মশিয়াহাটির সুজাতপুরে অবস্থিত কেসি সার্জিকেল অ্যাণ্ড শিশু প্রাইভেট হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় তাদের প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় মালিক ডাক্তার প্রশান্ত কুমারকে মেডিকেল প্রাকটিস অ্যান্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিকে সিলগালা করে তার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
এরপর রাজগঞ্জ বাজারে অবস্থিত রাজগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। তবে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম বন্ধ রাখায় তাদেরকে কোনো জরিমানা করা হয়নি। তাদেরকে সাইনবোর্ড অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।
পরবর্তীতে হরিহরনগর ইউনিয়নের পারবাজারের পারবাজার সার্জিকাল ক্লিনিক ও রয়েল প্যাথলজি ও ফিজিওথেরাপি নামক দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের লাইসেন্স না থাকায় অবৈধভাবে মেডিকেল সেবা দেয়ার অপরাধে একই আইনে উভয় প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুটি সিলগালা করে তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার অনুপ কুমার বসু, সিভিল সার্জনের প্রতিনিধি।