খুলনা নগরীর ময়লাপোতা মোড়ে দুর্বৃত্তরা গুলি চালিয়ে শেখ সাদেকুর রহমান বিহারী রানা (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে। এসময় পলাশ নামে আরো এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আহছানউল্লাহ কলেজের সামনে এ হত্যার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, এদিন সন্ধ্যায় দুর্বৃত্তরা শেখ সাদেকুর রহমানকে গুলি করে পালিয়ে যায়। এরপর তারা গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গুলিটি তাঁর গলায় বিদ্ধ হয়েছে।
খুমেক হাসপাতাল সুত্র জানায়, সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতাস্থ আহসানউল্লাহ কলেজের সামনে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে দু’জন গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শেখ সাদেকুর রহমান রানাকে মৃত ঘোষণা করেন । তাঁর পিতা শেখ মোহাম্মদ ইসলাম। তিনি দেবেন বাবু রোডের বাসিন্দা। রানার পেটে বাম পাশে ও গলার নিচে বাম কানের নিচে মোট ৩টি গুলিবিদ্ধ হয়।
অপর আহত যুবক পলাশের (৩৪) পিতার নাম মহারাজ। তিনি শের ই বাংলা রোডের বাসিন্দা। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর পায়ে একটি গুলি লেগেছে।
খুলনা মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি বলেন, রানা হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশি অভিযান চলছে।