পাটকেলঘাটার মির্জাপুর এলাকা হতে শাহিন হোসেন (২৫) নামে একজন প্রাইভেটকার চালককে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারের ভিতর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তিনি খুলনা সদর উপজেলার আনছার আলীর পুত্র। বর্তমানে তিনি সাতক্ষীরা হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে থানার মির্জাপুর বাজারের পোস্ট অফিস সংলগ্ন স্থানে একটি প্রাইভেটকার দীর্ঘক্ষণ দাঁড়ানো অবস্থায় দেখতে পাওয়া যায়। কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা বস্তাবন্দি অবস্থায় কিছু একটা দেখতে পায়। পরে বস্তার ভেতরে হাতপা বাঁধা অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে পুলিশের সহায়তায় প্রথমে তাকে পাটকেলঘাটার পপুলার ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক আমির হোসেন জানান, ঘটনাস্থল থেকে ঢাকা -গ-৭৩-৭৭৮৫ নম্বরের একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে গাড়িটির মালিক সাতক্ষীরা পলাশপোল এলাকার সঞ্জয় দাশ (পিন্টু) বলে জানা গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।