আমদানি স্বল্পতার অজুহাতে যশোরে পেঁয়াজের দাম আবারও ঊর্ধ্বমুখী। শতকের ঘর ছাড়ালো অতি জরুরি এ নিত্যপণ্যের দাম। চাল, ডিম, মাংসসহ স্বস্তি নেই অন্য নিত্যপণ্যেও।
দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে নাভিঃশ্বাস যখন ভোক্তার, তখন আবারও দুঃসংবাদ হয়ে আসলো পেঁয়াজের মূল্য বৃদ্ধির খবর। ভরা মৌসুমেও পেঁয়াজে স্বস্তি মেলেনি। পুরো মৌসুমজুড়ে চড়া দাম অব্যাহত ছিল পেঁয়াজে। এরই মাঝে আবারও বাড়লো দাম। সপ্তাহের ব্যবধানেই শতকের ঘর ছাড়িয়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। যা গত সপ্তাহে বিক্রি হয় ৯০ টাকা কেজিতে। আমদানি স্বল্পতার কথা জানান বিক্রেতা ও ব্যবসায়ীরা।
বড় মাছবাজারের মশলা বিক্রেতা বাদল রায় বলেন, ‘কয়েক মাস ধরে ভারতীয় পেঁয়াজ আসছে না। দেশে উৎপাদিত পেঁয়াজ চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়।’
আর একজন মশলা বিক্রেতা স্বপন সাহা বলেন, ‘এক রাতের ব্যবধানেই পেঁয়াজের দাম বেড়েছে। সকালে বাড়তি দামে পেঁয়াজ এনেছি। ১১০ কেজিতে পেঁয়াজ আনতে হয়েছে।’
আর এক বিক্রেতা আশিকুল ইসলাম বলেন, ‘বুঝতে পারছি না কি হচ্ছে। গতকালও (বৃহস্পতিবার) ৯৫ টাকা কেজিতে পেঁয়াজ এনেছি।’
হাটখোলা রোডের হক ভান্ডারের স্বত্তাধিকারী আব্দুল হক বলেন, ‘বাজারে পেঁয়াজ কম আছে। আমদানি না হওয়া পর্যন্ত পেঁয়াজের দাম কমবে না।’
হাবিব ভান্ডারের স্বত্তাধিকারী আবু বকর সিদ্দিক বলেন, ‘আড়ৎ থেকে বাড়তি দামে পেঁয়াজ আনতে হচ্ছে। মাঝে কয়েক দিনের বৃষ্টিতে পরিবহন সংকটে পেঁয়াজ পঁচেছে, আমদানিও কম। সব মিলিয়ে পেঁয়াজের দাম বেড়েছে।’
অন্য মশলার মধ্যে রসুন বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৮০ টাকা কেজিতে। আদা ২২০ থেকে ৩০০ টাকা। জিরা বিক্রি হচ্ছে ৮০০ থেকে এক হাজার দুইশ’ টাকায়। এলাচ এক হাজার ৫০০ থেকে তিন হাজার ৫০০ টাকা কেজি। লবঙ্গ এক হাজার ৬০০ থেকে দুই হাজার ২০০ টাকা। দারুচিনি ৪৫০ থেকে ৫০০ টাকা। গোলমরিচ ৭০০ থেকে এক হাজার ২০০ টাকা কেজি। তবে কমেছে আলুর দাম। আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজিতে। যা গত সপ্তাহে বিক্রি হয় ৩৫ থেকে ৪০ টাকা কেজিতে।
চালে চড়া দাম অব্যাহত রয়েছে। প্রতি কেজি স্বর্ণা (মোটা) চাল ৪৮ থেকে ৫২ টাকা কেজি। মিনিকেট চাল ৬০ থেকে ৬২ টাকা। সুপার মিনিকেট ৬৪ টাকা। কাজললতা ৫৪ থেকে ৬২ টাকা। আঠাশ ৫৬ থেকে ৫৮ টাকা। বাসমতি ৭২ থেকে ৭৬ টাকা। নাজিরশাইল ৭২ থেকে ৮৮ টাকা।
মৌসুমের শেষে এসে কিছুটা কমেছে শীতকালীন সবজির দাম। বাধাকপি, পেঁয়াজের কলি ২০ টাকা কেজি। মুলা ও গাজর ৪০, ফুলকপি ৩০, শিম ৪০, টমেটো ৩০ থেকে ৪০ টাকা, মটরশুটি ৭০, ব্রুকলি ৫০, বিটকপি ৫০, মেটে আলু ও মিষ্টি আলু ৬০ টাকা। ক্যাপসিকাম ১৫০ থেকে ২৪০ টাক কেজি। মানকচু ৫০ টাকা। লাউ ৬০ থেকে ৭০ টাকা পিস। অন্য সবজির মধ্য বেগুন ৪০ থেকে ৫০ টাকা। উচ্ছে, কচুর মুখি ১০০ টাকা। কাঁচকলা ৩০ থেকে ৪০, পেঁপে ৩০, মিষ্টি কুমড়া ৪০ টাকা। চিচিঙ্গা, ঝিঙ্গে ৮০ টাকা। কচুরলতি, শসা ৬০ টাকা। কাঁচামরিচ ৬০ থেকে ৮০ টাকা।
এ সপ্তাহেও ডিমে বাড়তি দর চলছে। ডিম বিক্রি হচ্ছে ৪৪ টাকা হালিতে। সোনালি মুরগির ডিম ৫০ টাকা। দেশি মুরগির ডিম ৬০ টাকা। হাঁসের ডিম ৭২ টাকা। কোয়েল পাখির ডিম ১২ টাকা হালি। ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৫০০ থেকে দুই হাজার টাকা কেজিতে। মুরগিতে বাড়তি দাম অব্যাহত রয়েছে। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজিতে। সোনালি মুরগি ২৯০, লেয়ার ৩০০ টাকা। দেশি মুরগি ৫২০ টাকা। গরুর মাংস ৭০০টাকা। খাসির মাংস এক হাজার ৫০ টাকা।
বাড়তি দামে বিক্রি হচ্ছে মুগডাল। কেজি ১৭০ টাকা। বুটের ডাল ৭০ টাকা। মসুর ডাল ১১০ থেকে ১৪৫ টাকা। ছোলার ডাল ৯০ থেকে ১১০ টাকা। চিনি ১৪৫ থেকে ১৬০ টাকা। লবণ ৪০ টাকা। খোলা আটা ৫০ টাকা। প্যাকেট আটা ৫৫ টাকা। খোলা ময়দা ৬৫, প্যাকেট ময়দা ৭০ টাকা। খোলা সয়াবিন তেল ১৭০ টাকা কেজি। বোতলজাত সয়াবিন তেল ১৭৫ টাকা লিটার।