রমজান মাস শুরুর আগেই যশোরের বাজার তেঁতে উঠেছে। ক্রমাগত দাম বৃদ্ধির কারনে মাছে ভাতে বাঙালি প্রবাদটি যেন দিন দিন হারিয়ে যেতে বসেছে। সাধারণ মানুষের কাছে আমিষ যেন এক বিলাসিতার নামে পরিণত হয়েছে।
আর মাত্র দু’দিন বাদেই সিয়াম সাধনার মাস রমজান। আর রোজা শুরুর আগেই উত্তাপ ছড়াচ্ছে নিত্যপণ্যের বাজার। সবজি, মাছ কিংবা মাংস স্বস্তি নেই কোথাও। সস্তার ডিমও বিক্রি হচ্ছে বাড়তি দামে। এসব পণ্যের সংকট না থাকলেও বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। সস্তা মাছ পাঙ্গাস, তেলাপিয়া ও সিলভার কার্প কিনতেও হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এ অবস্থায় নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের।
শনিবার যশোরের বড়বাজারে ৩০০ গ্রাম ওজনের ইলিশ মাছ বিক্রি হয়েছে ৬০০ থেকে ৭০০ টাকা কেজিতে। সপ্তাহ খানেক আগেও যা বিক্রি হয় ৫০০ টাকা কেজিতে। হাফ কেজি সাইজ ইলিশ মাছ এক হাজার টাকা ও এক কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার ২০০ টাকা কেজিতে। সস্তা মাছ সিলভার কার্প বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে। মৃগেল ও বাটা ১৮০ টাকা, তেলাপিয়া ১৫০ থেকে ২০০ টাকা, পাঙ্গাস ১৮০, গ্লাস কার্প ২০০ থেকে ২৫০ টাকা। রুই ২০০ থেকে ৩৫০, পুটি ৩০০, টেংরা ৫০০, টাকি ৪০০, শিং মাছ ৩০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়। মাগুর ৪৫০, পাবদা ৩০০, কৈ ২৫০ থেকে ৩০০, পারসে ৫০০, মায়া ৪৮০ থেকে ৫০০, বাইন ৬০০ থেকে ৮০০, বেলে ৮০০, সরপুটি ৫০০, শোল ৫৫০ থেকে ৭০০, কাঁকলে এক হাজার, গুতেল ও রয়না এক হাজার ২০০, ভেটকি ৮০০ থেকে এক হাজার, চিংড়ি ৪০০ থেকে এক হাজার ৪০০ ও রূপচাঁদা এক হাজার ৩০০ টাকা কেজিতে বিক্রি হয়।
মাছের দাম বৃদ্ধি সম্পর্কে জানতে চাইলে বিক্রেতারা কোনো যৌক্তিক কারন জানাতে পারেননি। বড়বাজারের মাছ বিক্রেতা এরশাদ আলী বলেন, মাছের সংকট রয়েছে বাজারে, তাই দাম বেশি। আরেক বিক্রেতা শরিফুল ইসলাম বলেন, নদীর মাছের দাম তুলনামূলক কম। দেশি মাছ কম আসছে বাজারে, তাই এসব মাছের দামও কিছুটা বেশি। রেলরোডের আবু জাহেদ বলেন, রমজান মাস চলে এসেছে, প্রশাসনের উচিত নিয়মিত বাজার মনিটরিং করা। বেজপাড়ার লাকী নূরজাহান বলেন, আগে একটি দুটি করে নিত্যপণ্যর দাম বাড়তো। এভাবেই দরদাম ওঠানামা করতো। কিন্তু এখন প্রতিটি নিত্যপণ্যর দাম একসাথেই বাড়ানো হয়। বাজারে ঢুকলে ক্রেতাদের হিমশিম খেতে হয়। নীলগঞ্জের আখতারুজ্জমান বলেন, দ্রব্যমূল্যর যে উর্ধ্বগতি তাতে সাধারণ মানুষ অসহায়, নীরবে সবকিছু সহ্য করতে হচ্ছে।
এদিকে, আবারও বাড়লো মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজিতে। যা একদিন আগেও বিক্রি হয় ২১০ টাকা কেজিতে। সোনালী মুরগি ৩০০ টাকা, লেয়ার মুরগি ৩২০ টাকা ও দেশি মুরগি ৫৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রমজান মাস আসার দু-সপ্তাহ আগেই বেড়ে যায় গরুর মাংসের দামও। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজিতে। বাড়তি দাম খাসির মাংসেও। বিক্রি হচ্ছে এক হাজার ১০০ টাকা কেজিতে। বড়বাজারের মুরগি বিক্রেতা শফিয়ার রহমান বলেন, পোল্ট্রি সামগ্রীর দাম বেশি, তাই মুরগির দামও বেশি। মাংস বিক্রেতা ফারুক হোসেন বলেন, গরুর দামের ওপরে মাংসের দাম নির্ভর করে।
এছাড়া, আরেক দফা বাড়লো ডিমের দাম। বিক্রি হচ্ছে ৪৪ টাকা হালিতে। যা একদিন আগেও বিক্রি হয় ৪২ টাকা হালি। সোনালী মুরগির ডিম ৫২ টাকা। দেশি মুরগির ডিম ৬০ টাকা, হাঁসের ডিম ৭০ টাকা, কোয়েল পাখির ডিম ১২ টাকা। ১২টি ডিমের বক্স ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।