দামুড়হুদায় তিনটি দোকানে বিভিন্ন অপরাধের দায়ে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১ টার দিকে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জয়রামপুর কাঁঠালতলা এলাকায় এই অভিযান পরিচালনা করেন। অভিযানটি নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযানে তরমুজের পাইকারি আড়ত, মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
অভিযান সুত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান ও কসমেটিকস প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় মেসার্স রমজান স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদ মুল্যবিহীন পণ্য বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রমজান আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারায় ২ হাজার টাকা, মেসার্স শাপলা স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা ও র‍্যাকে মেয়াদ উত্তীর্ণ পণ্য রেখে বিক্রয় করাসহ অন্যান্য অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মাসুদুর রহমানকে ৩৮ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা, মেসার্স কে এস কসমেটিকস এর মালিক কলিমউদ্দিনকে নকল ভেজাল কসমেটিকস বিক্রয়ের অপরাধে ৪১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় কেউ তরমুজের মূল্য কারসাজি ও অতিরিক্ত মুনাফা করতে না পারে সে জন্য আড়তদারদের বিক্রয়ের সময় সাথে সাথেই ভাউচার প্রদান ও ভাউচারের কার্বনকপি সংরক্ষণের নির্দেশনা দেয়া হয়। তরমুজ পিচ হিসেবে কিনে কেউ যেন খুচরা কেজি হিসেবে বিক্রয় না করে সে ব্যাপারেও সতর্ক করা হয়। কোন অনিয়ম পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।এসময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।।