বটিয়াঘাটার সুরখালী ইউনিয়নের গাওঘরা এলাকা থেকে নিখোঁজ যুবক আমিনুরের লাশ উদ্ধার হয়েছে ৫দিনের মাথায়। মঙ্গলবার সকাল ৯টায় গাওঘরা চরডাঙ্গা এলাকার পরিত্যক্ত একটি ভিটায় স্থানীয় লোকজন আমিনুরের লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ, র্যাব, ডিবি, পিবিআইসহ আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পৌছায়। পরবর্তিতে আমিনুরের লাশ সনাক্ত করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
গত শুক্রবার রাতে গাওঘরা চরডাঙ্গা এলাকার আব্দুল মালেক শেখের পুত্র আমিনুর শেখ ভদ্রা নদীর পাশে ওয়াপদা সংলগ্ন তার নিজ ঘেরে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দেন। সেখান থেকে তিনি বাড়ি না ফেরায় তার পরিবার বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে দুই দিনের মাথায় তার পিতা ১৭ মার্চ থানায় একটি সাধারন ডায়েরি করেন। ঘটনার ৫দিন পর মঙ্গলবার সকালে আমিনুরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (দ্বায়িত্বপ্রাপ্ত) সুশান্ত কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ আলবি রনি, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মোঃ মফিজুর রহমান, থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার, ডিবি ওসি মোঃ নাসির উদ্দিন, এসআই ইমদাদ সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।