চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের পুরাতন ভান্ডারদহ গ্রামের আব্দুর রাজ্জাক ওরফে রাজাই কবিরাজ। দীর্ঘদিন ধরে এলাকার মানুষকে বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে আসছিল। শারীরিক চিকিৎসার জন্য রাজাই কবিরাজের শরণাপন্ন হয় রুবেল মিয়া ও তার স্ত্রী।
গত শুক্রবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজাই কবিরাজ জ্বীনের মাধ্যমে চিকিৎসা দেয়ার কথা বলে রুবেল ও তার স্ত্রীকে হোগলডাঙ্গা গ্রামের নবগঙ্গা নদীর ব্রিজের পাশে পান বরজের কাছে নিয়ে যায়। এরপর রুবেলকে সিগারেট আনতে দোকানে পাঠায়। কিছুক্ষণ পর রুবেল ফিরে এসে তাদের না পেয়ে তার স্ত্রীর মোবাইল ফোনে কল দিয়ে সেটা বন্ধ পায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে ৩৫-৪০ মিনিট পর রাজাই কবিরাজ ও তার স্ত্রী পানবরজের কাছে ফিরে আসলে রুবেল তার স্ত্রীকে দেখে খারাপ কাজ করেছে বলে সন্দেহ করে।
পরবর্তীতে রুবেল বাড়ি ফিরে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে সে কান্নাকাটি করে বলে যে, রাজাই কবিরাজ তার সম্ভ্রমহানি করেছে। এটা জানার পর রুবেল তার সহযোগী সোহেল রানাকে নিয়ে বাড়ি থেকে বের হয়। রাজাই কবিরাজকে তার চাচাতো ভাইয়ের স্ত্রীর জ্বীন তাড়ানোর কথা বলে কৌশলে কালীভান্ডারদহের দিকে নিয়ে যায়।
এ সময় মোটরসাইলের পেছনে বসা রুবেল তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে রাজাই কবিরাজের গলায় পোঁচ দিয়ে তাকে মোটরসাইকেল থেকে নির্জন রাস্তায় ফেলে দেয় এবং তার মৃত্যু নিশ্চিত করে। মরদেহটি রাস্তার পাশে ফেলে দিয়ে গাছপালা দিয়ে ঢেকে দিয়ে তারা বাড়ি ফিরে যায়।
পুলিশের তদন্তের পর আলোচিত কবিরাজ হত্যাকাণ্ডের ঘটনাটি এভাবেই তুলে ধরেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান। এ হত্যাকাণ্ডের তদন্তে সকল আইনি বিধিবিধান মেনে তদন্ত কাজ করা হয়েছে বলে তিনি জানান।
চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকর চন্দ্র ইউনিয়নের কালিভান্ডারদহ পিরতলি মাঠ থেকে আব্দুর রাজ্জাক ওরফে রাজাই আলী (৪৮) নামের এক কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধারের দিনই পুলিশি তদন্তে হত্যা রহস্য উন্মোচিত হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত রুবেল মিয়া ও সোহেল রানাকে আটক করেছে পুলিশ। ওই আটক দু’জন আদালতের বিজ্ঞ বিচারকের কাছে তাদের দোষ স্বীকার করে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত।
মঙ্গলবার (৪ জুন) চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান সংবাদ সম্মেলনে জানান, চুয়াডাঙ্গা সিনিয়র ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ বিজ্ঞ বিচারক রিপন হোসেনের কাছে স্বেচ্ছায় জবানবন্দীতে হত্যার দায় স্বীকার করে রুবেল মিয়া ও একই পাড়ার সোহেল রানা। এদের কাছ থেকে হত্যাকাজে ব্যবহৃত আলামত ধারালো ছুরি, ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রাজ্জাক ওরফে রাজাই আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামে দেসের আলীর ছেলে। তিনি কবিরাজি পেশায় যুক্ত ছিলেন এবং চাষাবাদ করতেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) নাজিম উদ্দীন আল আজাদ, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ও চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ সেকেন্দার আলী উপস্থিত ছিলেন।