কোটচাঁদপুর প্রতিনিধি৷।
ঝিনাইদহের কোটচাঁদপুরে রেললাইন থেকে মাথাবিহীন অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এ তথ্য জানান কোটচাদপুর থানার ওসি সৈয়দ আল মামুন।
স্থানীয়রা জানান, কোটচাঁদপুর স্টেশন থেকে ২ কিলোমিটার দূরত্বে বলুহর গ্রামের বটতলা মাঠ এলাকার পিলারের কাছে অজ্ঞাত যুবকের খণ্ড-বিখণ্ড লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
ওই যুবকের বয়স ২৫-৩০ হতে পারে বলে কোটচাঁদপুর রেলওয়ে সূত্রে জানা গেছে।
রেলের লাইনম্যান নয়ন জানান, লাশ দেখে জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়। যশোর থেকে তারা এসে লাশ উদ্ধার করেছে। তবে লাশটির মাথা পাওয়া যায়নি।
যশোর জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিতোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তবে মৃতদেহের কোনো নাম-ঠিকানা পাওয়া যায়নি। তাঁর পাশ থেকে মোবাইল ফোন, বেশ কিছু সিম কার্ড ও ব্যাংকের এটিএম কার্ড পাওয়া গেছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যশোর নিয়ে যাওয়া হবে। ওখানে পিবিআই তদন্ত করে দেখবে।