অনলাইন ডেস্ক।।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে চলমান পরিস্থিতিকে ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’ উল্লেখ করে ভারত আশা প্রকাশ করেছে যে, শিগগিরই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের এ কথা জানান।
এ সময় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রতিক করা এক মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশের পক্ষ থেকে তাদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করা হয়েছে।
এর আগে, গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথমবার এটিকে ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’ বলে অভিহিত করে।
এর আগে পশ্চিমবঙ্গের ধর্মতলায় রাজনৈতিক সমাবেশে বাংলাদেশের সাম্প্রতিক সংঘাত নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, প্রতিবেশী দেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তিনি ফেরাবেন না। তবে তিনি এও বলেন, এ বিষয়ে বেশি কিছু বলতে পারবেন না। কারণ, বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ। এ নিয়ে কিছু বলার থাকলে ভারত সরকার বলবে।
সেই মন্তব্যের পরেই বিরোধী রাজনৈতিক দলগুলো মমতার বিরুদ্ধে সরব হয়। ক্ষমতাসীন বিজেপির দাবি, মমতার এমন কথা বলার কোনো এখতিয়ার নেই।
এ নিয়ে গত মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্মান রেখেই বলতে চাই, তার ওই বক্তব্যের জেরে বিভ্রান্তি ছড়িয়েছে।’ এ ব্যাপারে ভারত সরকারকে ‘নোট’ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।