জমি নিয়ে বিরোধের জেরে জীবন্ত পুঁতে ফেলা হয় এক যুবককে। তবে শেষ পর্যন্ত বেঁচে গেছেন তিনি। মাটি খুঁড়ে তাকে বের করে রাস্তার কুকুর। হাড় হিম করা এই ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের আগ্রায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে ঘটনাটি উঠে এসেছে। প্রতিবেদন মতে, ওই যুবকের নাম রূপ কিশোর। তিনি জানিয়েছেন, গত ১৮ জুলাই এলাকার পূর্ব পরিচিত চার ব্যক্তি তার ওপর হামলা করে। তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে তারা।
রূপ কিশোর আরও জানান, হামলাকারীরা ভেবেছিল, তার মৃত্যু হয়েছে। এই ভেবে তারা তাকে খামারে পুঁতে ফেলেন। একদল কুকুর এসে মাটি খুঁড়ে বের করে তাকে কামড়াতে শুরু করে। কুকুরের কামড়ে তার জ্ঞান ফেরে।
ভুক্তভোগীর বর্ণনা মতে, এরপর তিনি স্থানীয় লোকজনের কাছে তিনি সাহায্য চান। তারা তাকে হাসপাতালে নিয়ে যান। রূপ কিশোরের মা জানিয়েছেন, চার ব্যক্তি তার ছেলেকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তদন্ত শুরু করেছে তারা। হামলাকারী ওই চার ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।