কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ট্রাকে দেয়া ২৩১ লিটার ডিজেলের মধ্যে মেপে ১৩০ লিটার কম হওয়াতে চুরি ও অনিয়মের রেকর্ড সৃষ্টি করেছে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আয়েশা খাতুন ফিলিং স্টেশন। বৃহস্পতিবার দুপুরে ওই পাম্প থেকে আয়মান এন্টারপ্রাইজ নামে একটি মিনি ট্রাকে ডিজেল নিতে গিয়ে ওই পুকুর চুরির ঘটনা উন্মোচন হয়েছে। এ ঘটনার পর উপজেলা প্রশাসন ও পৌর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে তেল কম দেয়ার সত্যতা পান। বিষয়টি নিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ রাতে তাদের অফিসে সালিশি বৈঠক করবেন বলে জানায়।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আয়মান এন্টারপ্রাইজ নামের একটি মিনি ট্রাক শহরের আয়েশা খাতুন ফিলিং স্টেশনে তেল নিতে যায়। স্টেশনের কর্মচারী ওই ট্রাকের তেলের ট্যাং্িকতে প্রথমে ১৩০ লিটার ডিজেল ভরে। কিন্তু ১৫০ লিটার ধারণ ক্ষমতার ট্রাংকটি না ভরাতে ড্রাইভার ট্রাংকি ফুল করতে বলেন। এরপর আরো ৯০ লিটারসহ মোট ২৩১ লিটার তেল ভরে ২৪ হাজার ৭শ ৮৭ টাকার একটি মেমো দেয়। ট্রাক ড্রাইভার তেল ভরার পরিমাপের অস্বাভাবিক বিষয়টি ট্রাকের মালিক এমদাদুল ইসলামকে মালিককে অবহিত করলে তিনি পাম্পে আসেন। ট্রাক মালিক স্টেশন ম্যানেজারকে জানায় তার ট্রাকের ট্যাংকিতে ধারণ ক্ষমতা ১৫০ লিটার। কিন্তু ২৩১ লিটার তেল কিভাবে দিলেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা চলতে থাকে। এমন খবর পেয়ে বাজার কমিটির সভাপতি আসাদুর রহমানসহ সকল নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে আসেন। এক পর্যায়ে সকলের উপস্থিতিতে তেলের হিসাব মেলাতে ট্রাকের তেলের ট্যাংকি কেটে তেল বের করে মেপে দেখে ১৩০ লিটার তেল কম। এমন অস্বাভাবিক তেল কম দেয়ার ঘটনাটি প্রকাশ হওয়ার পর তাৎক্ষণিক ফিলিং স্টেশন মালিক কর্মচারীদের ভর্ৎসনা করতে থাকেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা বিষয়টি কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি তার অফিসের লুৎফর রহমানসহ দু’জনকে ঘটনাস্থলে পাঠান। তারা এসে ঘটনার সত্যতা পান। অনিয়মের বিষয়টি তারা ইউএনওকে জানাবেন বলে জানায়। এদিকে তেল কম দেয়া নিয়ে সৃষ্ট ঘটনা জানতে ফিলিং স্টেশনে আসেন মালিক আব্দুস ছাত্তারের পুত্র। তিনিও ঘটনায় হতাশ ও দুঃখ প্রকাশ করেন। পরে ব্যবসায়ী নেতৃবৃন্দের আলোচনায় রাতে সালিশে সমাধান হবে বলে সবাই ফিরে যান।।