মণিরামপুরের জয়পুর গ্রামের পল্লী চিকিৎসক বজলুর রহমান ও আনিসুর রহমানকে বিচার বহির্ভূত হত্যার অভিযোগে যশোরের সাবেক পুলিশ সুপার আনিসুর রহমান এবং ওসি-এসআইসহ ৪৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার নিহত পল্লী চিকিৎসক বজলুর রহমানের স্ত্রী রেশমা বেগম ও নিহত আনিসুর রহমানের ভাই মুনছুর আলী বাদী হয়ে এ মামলা করেছেন।
মণিরামপুর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগ দু’টি গ্রহণ করে আদেশের জন্য রেখে দিয়েছেন। পল্লী চিকিৎসক বজলুর রহমান হত্যা মামলার অপর আসামিরা হলেন, মণিরামপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্যা খবির আহমেদ, এসআই তাসমীম আহমেদ, এসআই শাহীন, দত্তকোনা গ্রামের কাজী মাহামুদুল হাসান, হাকোবা গ্রামের আনিচুর রহমান ও হাজরাকাটি গ্রামের শহিদুল ইসলাম শাহিন।
বজলুর রহমান হত্যা মামলার অভিযোগে জানা যায়, ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যার পর উপজেলার জয়পুর বাজারের পল্লী চিকিৎসক বজলুর রহমানকে তার দোকান থেকে পুলিশ সুপারের নির্দেশে আটক করে মণিরামপুর থানা পুলিশ। এরপর তাকে একটি পেন্ডিং মামলায় আটক দেখানো হয় এবং ওসি আওয়ামী লীগ নেতা অপর আসামিদের সাথে যোগাযোগ করতে বলেন। বজলুর রহমান বিএনপি করেন এবং তিনি ক্রসফায়ারের লিস্টের এক নম্বরে আছেন বলে তারা জানান।
এরপর গভীর রাতে তাকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বেগারিতলায় নিয়ে গুলি করে হত্যা করে পুলিশ। এরপর আসামিরা যোগসাজসে বজলুর রহমানের ময়নাতদন্ত করে লাশ বাড়িতে পাঠিয়ে দেয়। পুলিশ হেফাজতে বজলুর রহমানের মৃত্যুর ঘটনায় মামলা করতে গেলে মামলা না নিয়ে হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেয়া হয়। বর্তমানে পরিবেশ অনুকূলে আসায় ন্যায় বিচারের স্বার্থে তিনি আদালতে এই মামলার দায়ের করেছেন।
অপরদিকে, আনিসুর রহমান হত্যা মামলার অন্য আসামিরা হলেন, মণিরামপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আজম, এসআই হিরোন, হাকোবা গ্রামের বাসিন্দা সাবেক উপজেলা চেয়ারম্যান আমাজাদ হোসেন লাভলু, বাবলু হোসেন, হাজরাকাটি গ্রামের সুব্রত সিংহ, বাদল সিংহ, মজিদ সুপার, আয়ুব আলী গাজী, মুনতাজ হোসেন, আবুল কালাম, ইউনুচ আলী দফাদার, তুরাব আলী গাজী, ইস্রাফিল, হামিদ, মহাসীন দফাদার, রোস্তম আলী, তুষার, সবুজ, শামীম হোসেন, বুলবুল হোসেন, শাহিন হোসেন, মিল্টন হোসেন, সমসকাঠি গ্রামের জামাল হোসেন, হবির হোসেন মেহেদী, ইকবাল হোসেন, জয়পুর গ্রামের মনজুর হোসেন, মারুফ হোসেন, ডিস হামিদ, আলমগীর দফাদার, হোসেন মেম্বর, জাহাঙ্গীর হোসেন, ইকবাল হোসেন, বাবু, ইমদাদুল হক মিলন, আসাদ, আহাদ হোসেন, সাদ্দাম বিশ্বাস, আব্দুল হাকিম, শিমুল, দোনার গ্রামের তুহিন ও সুবলকাটি গ্রামের এরশাদ।
আনিসুর রহমান হত্যার অভিযোগে জানা গেছে, ২০১৩ সালের ২২ মার্চ সকালে জয়পুর গ্রামের ফজলুর রহমানকে পুলিশ বাড়ি থেকে আটক করে। ওইসময় জনগণ সেখানে হাজির হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আজম খান জনগণকে লক্ষ্য করে গুলি করলে আনিসুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। আসামি বাদল সিংহ গুলি করলে শরিফুল ও আলমগীর গুরুতর জখম হন। অপর আসামি শিমুল জনগণকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারার সময় তার হাতের মধ্যে বিস্ফোরণ ঘটলে ডান হাতের কবজি উড়ে যায়। এরমধ্যে গ্রামের মসজিদের মাইকে হামলার কথা প্রচারের পর পুলিশ ও অপর আসামিরা ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়।