মাদক সেবন করতে নিষেধ করায় যশোর শহরের কারবালায় জয়নাল আবেদীন নামে অবসরপ্রাপ্ত একজন সার্জেন্টকে কুপিয়ে জখমের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। জয়নাল আবেদীনের মেয়ে সামিয়া আবেদীন তিশা বৃহস্পতিবার বিকেলে মামলাটি করেন।
খোলাডাঙা খ্রিস্টানপাড়া রেলগেট সংলগ্ন মৃত সিরাজের ছেলে রবিকে আসামি করে এ মামলা করা হয়েছে।
এজাহারে তিশা উল্লেখ করেছেন, কারবালা পুকুরের পাশে তার পিতা একটি বিল্ডিং নির্মাণ করছেন। সেখানে গিয়ে রবিসহ অজ্ঞাত মাদকসেবীরা মাদক সেবন করে। বিষয়টি তার পিতা তাকে একাধিকবার নিষেধ করেন। কিন্ত নিষেধ শোনেননি। গত ১৯ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে তার পিতা বিল্ডিং এর কাজ দেখার জন্য সেখানে যান। সেসময় রবিসহ অন্যান্যরা মাদক ব্যবসার জন্য জড়ো হয়। তাদের নিষেধ করায় তারা তার পিতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে একটি দা দিয়ে তার পিতার শরীরে একাধিক কোপ মারে। এতে তিনি মারাত্মক জখম হন। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা সিএমএইচএ রেফার্ড করা হয়।