বাংলাদেশের ফেনী, কুমিল্লা ও নোয়াখালীসহ দক্ষিণ পূর্বাঞ্চলের ১২টি জেলার মানুষ এমন ভয়াবহ বন্যা আগে দেখেনি। পানিবন্দি ১০ লাখ পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৭ লাখ মানুষ। ডুবে গেছে একতলা সমান সব কাঁচা-পাকা বাড়ি। বন্যার পানি বৃদ্ধি এত আকস্মিক ছিল যে অধিকাংশ পরিবার ঘরের প্রয়োজনীয় দ্রব্যাদি সরানোর সুযোগও পায়নি। অনেক এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছানোও কষ্টকর হয়ে উঠেছে।বন্যার পানি ইতোমধ্যে কমতে শুরু করেছে। তবে তা খুব ধীর গতিতে কমছে। হঠাৎ করে বর্ষার শেষে এমন ভয়ংকর হয়ে ওঠা বন্যার কারণ কী? আর আকস্মিক এই বন্যার পানি নামতে দেরি হচ্ছে কেন? বিশেষজ্ঞরা বলছেন, ত্রিপুরায় ভারী বৃষ্টির পর ডুম্বুর বাঁধ খুলে দেওয়া এ বন্যার একমাত্র কারণ নয়। ভারত বাঁধ খুলে দেওয়ায় উজান থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের ফেনী, কুমিল্লা ও নোয়াখালীসহ ১২টি জেলা ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে টো একটি কারণ। এর পাশাপাশি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যৌথ নদী কমিশনের নিষ্ক্রিয়তা, অসতর্কতা ও সার্বিকভাবে অব্যবস্থাপনাও দায়ী।
বিশিষ্ট পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত ইনকিলাবকে বলেন, দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ সমস্যার জন্য দায়ী। দুটি দেশের নদীর পানির ব্যবস্থাপনা নিয়ে যৌথ নদী কমিশন রয়েছে। সেই যৌথ নদী কমিশন কাজ কী আমরা জানি না। যে সব আন্তঃসীমান্ত নদী, অধিকাংশের মধ্যে বাঁধ রয়েছে। আজ পর্যন্ত পানির ন্যায্য হিস্যা হয়নি। বর্ষায় ভারী বৃষ্টির ফলে কখন ভারত পানি ছাড়বে, কতটুকু পানি আসবে- এ তথ্য দেওয়ার দায়িত্ব তো তাদের। এবারের বন্যায় ভাটিতে পানি আসার পূর্বাভাস পেলে ক্ষয়ক্ষতি থেকে এ অঞ্চলের মানুষ অনেকটা বাঁচতে পারতো। বিগত সরকারের নতজানু নীতির কারণেই এমন হচ্ছে। এ ছাড়া ফেনীর মুহুরি প্রজেক্ট এ মুহূর্তে গলার কাঁটা কি না সে পর্যালোচনাও জরুরি। অন্যদিকে দেশের পানিসম্পদ মন্ত্রণালয়ও তো তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। দেশের প্রায় সব নদ-নদী নাব্যসঙ্কটে ভুগছে। নদী খনন প্রপারলি হচ্ছে না। যাও কিছু হচ্ছে সেগুলো অপরিকল্পিতভাবে হচ্ছে এবং তাতে অর্থের অপচয় ছাড়া আর কিছুই হচ্ছে না। তাই এ ধরনের আকস্মিক বন্যা বলুন আর নিয়মিত বর্ষার বন্যা বলুন সবগুলো মোকাবেলার জন্য দেশের নদ-নদীগুলোকে খনন করে তাদের জীবন ফিরিয়ে দিতে হবে। তা না হলে প্রতিবছরই আমাদের এভাবে ডুবে মরতে হবে।
অন্যদিকে রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মো. এজাজ ইনকিলাবকে বলেন, ফেনী, নোয়াখালীর এবারের বন্যায় ত্রিপুরার জলবিদ্যুতের বাঁধ দায়ী। মুহুরির উজানের অববাহিকায় অবস্থিত মহারানি ড্যাম খুলে দেওয়া আরও একটি কারণ। অন্যদিকে ত্রিপুরাও ডুবছে, ফ্ল্যাশ ফ্লাড হয়েছে। উজানের নদীতে বাঁধ দেওয়া আন্তর্জাতিক আইনপরিপন্থি। গত চার দশকে ভারত সরকার প্রায় প্রতিটি নদীতেই বাঁধ, ব্যারেজ ও ড্যাম বানিয়েছে। তিনি বলেন, ‘ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে হঠাৎ করে একদিনে ভেসে যাওয়া কখনোই স্বাভাবিক নয়। তারা পানি ধরে রেখে পূর্বাভাস না দিয়েই পানি ছেড়ে দিয়েছে। তারা জানতো, গত কয়েকদিনের বৃষ্টিপাতে ত্রিপুরায় বাঁধ উপচে পানি যাওয়ার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে তারা পূর্বাভাসের পাশাপাশি অল্প অল্প করে পানি ছেড়ে দিতে পারতো আগে থেকেই। তারা সেটা করেনি।
পরিবেশবিদ ড. আব্দুল মতিন বলেন, অতিবৃষ্টির পর বন্ধ বাঁধগুলো হঠাৎ যখন একসঙ্গে খোলা হয়, তখন ভরাট হয়ে পড়া আমাদের অঞ্চলে নদীর পানি ধারণ করতে না পেরে অভাবনীয় ক্ষতির বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি করে। বিপরীতে আধুনিক আবহাওয়া স্যাটেলাইটের কল্যাণে ব্যাপক বৃষ্টি হবে জেনেও কয়েকটা দিন আগে থেকেই উজানের বাঁধের পানি রিলিজ বা ড্রেনেজের ব্যবস্থা নেওয়া হয় না। অতিবৃষ্টির ফোরকাস্ট সত্ত্বেও প্রতিবেশী দেশ সপ্তাহখানেক আগেই বাঁধের গেট খুলে পানি ‘স্লো রিলিজ’ করেনি। তিনি বলেন, ভারতের জলবিদ্যুৎ বা ডাইভারশন বাঁধ, জলাধারগুলোতে কী পরিমাণ পানি আছে? বৃষ্টির পূর্বাভাসে কী পরিমাণ নতুন পানি আসবে, কী পরিমাণ পানি রিলিজ করা লাগবে এটা তো ভারত সরকারের জানার কথা, আর আমাদের জানানোর কথা। ভাটির বাংলাদেশের নদীর পলিপতন ও নাব্য পরিস্থিতিতে কী পরিমাণ পানি প্রতি ঘণ্টায় ড্রেন আউট ও রিলিজ করা যাবে এটা ভারতের বিবেচনায় নেওয়া উচিত ছিল। এসব হাইড্রোলজিক্যাল মডেল এ যুগে সারা বিশ্বে ব্যবহার করা হয়। ভারত কেন তা ব্যবহার করছে না, এ প্রশ্ন কূটনৈতিকভাবে তোলা উচিত।
পানি উন্নয়ন বোর্ডের যৌথ নদী কমিশনের সদস্য ড. মো. আবুল হোসেন বলেন, ভারত ইচ্ছাকৃত পানি ছাড়ার ব্যাপারে মানুষের কিছু ভুল ধারণা রয়েছে। তাদের বড় কোনো রিজার্ভার নেই যে পানি ধরে রেখে ছেড়ে দেবে। তাদের ওখানে ভারী বৃষ্টিপাত, আমাদের দেশে ভারী বৃষ্টির কারণে বন্যা হয়েছে। ভারতের সঙ্গে উজানের পানির তথ্যের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। আমরা বলেছি তথ্য দেওয়ার জন্য। তারা বিবেচনা করেছে। এটা নিয়ে পরবর্তী মিটিংয়ে আমরা কথা বলবো।
চলতি বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো রিপোর্ট তুলে ধরা হলো।
কুমিল্লা থেকে সাদিক মামুন জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা গোমতীর পানির ঢল আর নদনদীর পানি বেড়ে যাওয়ায় কুমিল্লার ১৪ উপজেলা বন্যায় আক্রান্ত হয়েছে। তবে জেলার বুড়িচং উপজেলায় বন্যার পানি কিছুটা কমলেও ব্রাহ্মণপাড়া, লাকসাম, মনোহরগঞ্জ উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। গতকাল সকালের দিকে গোমতী নদীর পানি বিপদসীমার ৪২ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সোমবারের চেয়ে পানির প্রবাহ অনেকটাই কমেছে। বন্যার পানি ধীরে ধীরে কমে আসলেও কুমিল্লার বেশিরভাগ এলাকা থেকে পানি সরছে না। এর কারণ হিসেবে জানা গেছে, গত ১৫ বছরে কুমিল্লার বিভিন্ন নদ নদীর বাঁধ দখল করে স্থাপনা নির্মানের মাধ্যমে পানি প্রবাহ বন্ধ করে দেওয়া, পুকুর, খালবিল ভরাট করার কারণে ডুবে যাওয়া গ্রামগুলো থেকে পানি সরতে পারছে না। সদ্য পদত্যাগ ও পলায়নকারি হাসিনার আওয়ামী লীগের লোকজন গোটা কুমিল্লায় অবৈধভাবে গোমতী, ডাকাতিয়া, ঘুংঘুর, কাঁকড়িসহ বিভিন্ন নদনদীর বাঁধের মাটিকাটা থেকে শুরু করে পুকুর, খালবিল দখলের যে মহাযজ্ঞ চালিয়েছিল এরই ভয়াবহ পরিণতি ভোগ করতে হচ্ছে আজকের বন্যাকবলিত পানিবন্দি অন্তত ১৫ লাখ মানুষকে।
এদিকে বন্যাকবলিত এলাকার সড়কের আশেপাশের এলাকায় পর্যাপ্ত সাহায্য পৌঁছালেও প্রত্যন্ত অঞ্চলের প্লাবিত গ্রামগুলো সে তুলনায় ত্রান পাচ্ছে না। স্থানীয়রা জানান, সবাই রাস্তার আশপাশে ত্রাণ দিয়ে চলে যায়। ফলে প্রত্যন্ত গ্রামে যারা আছে, তাদের কাছাকাছি ত্রাণ পৌঁছায় না। ওইসব এলাকায় কোমর পানি মাড়িয়ে কেউ ভেতের যেতে চায় না। কোথাও হাঁটু পানি, আবার কোথাও বুক পানি। পানি মাড়িয়ে হেঁটে যেতে সময় লাগে। কিন্তু এতো কষ্ট করে স্বেচ্ছাসেবীরা এসব এলাকায় ত্রাণ নিয়ে যেতে চায় না। তবে পর্যাপ্ত ত্রান থাকলেও সমন্বয়ের অভাবে বিতরণে শৃঙ্খলা বা সমতা রাখতে পারছেন না বিতরণকারীরা। এদিকে উজানে ভারত থেকে আসা ঢলে কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পর্যাপ্ত ত্রাণের অভাব মনোহরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের বানভাসি মানুষ খাবার, পানি, ওষুধের জন্য হাহাকার করছে। দুই উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তাদের ভোগান্তি এখন চরমে। বন্যা কবলিত গ্রামগুলোতে সেনাবাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। সেই সঙ্গে হেলিকপ্টার দিয়েও ত্রাণ দিচ্ছে। এছাড়া সহযোগিতায় হাত বাড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, উপজেলা প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধিরাও। তারা উদ্ধার তৎপরতাসহ শুকনো খাবার, খিচুড়ি, চিকিৎসা সামগ্রী,পানি বিশুদ্ধকরণ টেবলেট নিয়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে।
লক্ষ্মীপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, জেলার বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গত ২দিনে ৬ ইঞ্চি থেকে ৮ ইঞ্চি পানি বেড়েছে। প্রতিনিয়ত বন্যার আরও অবনতি হচ্ছে। বানভাসির মানুষের ভোগান্তিও বাড়ছে কয়েকগুণ। জেলার প্রায় ৯০ ভাগ এলাকা প্লাবিত হয়ে ডুবে রয়েছে। বন্যায় সবচেয়ে দুর্ভোগের মধ্যে রয়েছে প্রসূতি, শিশু এবং বৃদ্ধরা। ভয়াবহ বন্যায় জেলার পাঁচটি উপজেলার ৫৮টি ইউনিয়ন ও চারটি পৌরসভার প্রতিটি এলাকাই বিপর্যস্ত। সরকারি হিসেবে অন্তত ৮ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। ত্রাণের জন্য চারদিকে এখন বানভাসি মানুষের হাহাকার। বিশুদ্ধ পানির সংকটও প্রকট।
জেলার সব স্কুল কলেজ, মাদ্রাসাকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হলেও কেন্দ্রগুলোতে আশ্রয় নেয়া মানুষ ঠিকমতো পাচ্ছেন না খাদ্য ও বিশুদ্ধ পানি। এ ছাড়া বেশিরভাগ আশ্রয়কেন্দ্রে বিদ্যুৎ, টয়লেট ওষুধের পর্যাপ্ত সরবরাহ না থাকায় চরম দুর্ভোগে থাকতে হচ্ছে। এখনো বাড়ি ছেড়ে মানুষ উঁচু দালান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আসছেন। আশ্রয় কেন্দ্রে না আসা পানিবন্দী মানুষের দুর্ভোগ আরও বেশি। কোথাও হাঁটু, কোথাও কামর এবং কোথাও গলা পানির নিচে তলিয়ে রয়েছে গ্রামের পর গ্রাম। অনেকেই ত্রাণ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।
ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা জানান, ফেনীতে বন্যাকবলিত নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। জেলার দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার কিছু অংশে লোকালয়ে এখনো পানি থাকলেও অন্যান্য উপজেলার বেশিরভাগ এলাকায় বন্যার পানি নেমে গেছে। তবে পানি কমলেও বন্যাকবলিত অনেক এলাকায় খাদ্য, নিরাপদ পানির সংকট ও বিদ্যুৎ সংযোগ না থাকায় বানভাসি মানুষের ভোগান্তি এখনো কমেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যায় প্লাবিত হওয়া পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার কোথাও কোথাও এখনো পানি রয়েছে। সড়কে যানচলাচল স্বাভাবিক না হওয়ায় ট্রলি ও ট্রাকে করে গন্তব্যে পাড়ি দিচ্ছেন মানুষজন। দাগনভূঞা উপজেলায় বন্যার পানি কমলেও রাজাপুর, সিন্দুরপুর, পূর্ব চন্দ্রপুর, রামনগর, ইয়াকুবপুর, মাতুভূঞা, জায়লস্কর, সদর ইউনিয়ন ও পৌরসভার কিছু স্থানে মানুষজন এখনো পানিবন্দি রয়েছেন। জেলার সোনাগাজী উপজেলার সুলাখালী, মানোমিয়ার বাজার এলাকা, ডাকাবাংলা থেকে ভোর বাজার সড়ক, আমিন উদ্দিন মুন্সি বাজারের আশপাশ, মতিগঞ্জ বাজার, ভোয়াগ গ্রাম ও ইসলামপুরে এখনো পানিবন্দি শত শত পরিবার। এ ছাড়া ফেনী সদর উপজেলার ধলিয়া ও মোটবী, কালিদহ ও ফাজিলপুর ইউনিয়নের অনেক এলাকায় এখনো পানি নামেনি। এসব এলাকায় কোথাও হাঁটুসমান পানি আবার কোথাও কোমরসমান পানি রয়েছে। ফেনী জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যায় জেলায় ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারমধ্যে দেড়লাখ মানুষকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। দুর্গম এলাকায় হেলিকপ্টারে করে খাবার পাঠানো হচ্ছে। জেলায় একটি এবং ছয় উপজেলায় ছয়টি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। এ ছাড়া বেসরকারি সাতটি হাসপাতালে মেডিকেল ক্যাম্প চালু রয়েছে।
ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা জানান, ফরিদগঞ্জে ৯ দিনব্যাপী টানা অতিবৃষ্টিতে রাস্তা-ঘাট, মৎস্য খামারসহ উঠতি ফসল ও শাকসবজির ক্ষেত পানির নিচে তলীয়ে গেছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তলিয়ে গেছে নিম্নাঞ্চলের আমন ধানের জমি। টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শ্রমজীবী, দিনমজুর ও খেঁটে খাওয়া মানুষগুলো। দুর্ভোগের শিকার স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। গাছপালা ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। পানি বৃদ্ধির কারণে বিপাকে পড়েছে মৎস্য চাষী ও পোল্ট্রি খামারীরা। উপজেলার রূপসা এলাকার কাঠমিস্ত্রি বিল্লাল হোসেন, রুহুল আমিন, এমরান’র সঙ্গে কথা হলে তারা বলেন, পরিবার নিয়ে বিপাকে পড়তে হয়েছে তাদের।
কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে এম এ ওয়াহিদ রুলু জানান, কমলগঞ্জ উপজেলায় টানা বৃষ্টিতে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীতে সৃষ্ট বন্যার পানিতে বিভিন্ন এলাকায় শতাধিক বিধস্ত কাঁচা ও আধা কাঁচা বাড়ী-ঘর বিধস্ত হয়। বন্যার পানি নেমে গেলে ও বিধস্ত বাড়ী-ঘরের মালিকরা এখনও বসবাস করছেন খোলা আকাশের নিচে। মানবেতর জীবন যাপন করছেন। আর্থিক সংকটের কারনে বিধস্ত ঘর মেরামত করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। অনেকেই ঘর নির্মানের জন্য বিত্তবানদের ধারে-ধারে ধর্না দিচ্ছেন। জানা যায়, বন্যার পানিতে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ১৪টি স্থানে ভাঙ্গন দিয়ে প্লাবিত হয় উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা। পানিতে নিমজ্জিত হয় ১৪৫টি গ্রাম। পানিবন্দি হয় ৪১ হাজার ৬শ ৬১টি পরিবারের লক্ষাধিক মানুষ। পানিতে তলিয়ে যায় সাড়ে ৮ হাজার হেক্টর আমন ও আউশ ফসল। পানিতে ভেসে যায় ২ হাজার পুকুর, ফিশারি ও জলাশয়ের সব মাছ। পানির তোড়ে ভেঙ্গে যায় আঞ্চলিক মহাসড়কের পাশাপাশি গ্রামীণ জনপদের রাস্তা। এলজিইডি আওতাধীন ৮০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যন্ত এলাকার প্রায় শতাধিক কাঁচা বাড়ী-ঘর বিধ্বস্ত ও ভেঙে গেছে। তিনদিন পর পানি নেমে গেলে ভেসে উঠেছে এই ক্ষতের চিত্র।
মীরসরাই (চট্টগ্রাম) থেকে ইমাম হোসেন জানান, মীরসরাইয়ে ৬ দিন পর বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে পানি নেমে গেলেও দেখা যাচ্ছে ক্ষতচিহ্ন। দেখলে মনে হবে যেন যুদ্ধবিদ্ধস্ত জনপদ। আশ্রয়কেন্দ্রে এখনো অবস্থান করছেন প্রায় ১০ হাজার মানুষ। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনী নদীর পানির উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় এখানকার ১১টি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। এটা স্মরণকালের ভয়াবহ বন্যা। এই অঞ্চলে বিগত ৭০ বছরেও এমন পানি দেখেনি মানুষ। পানি নেমে যাওয়ায় মীরসরাইয়ে বিভিন্ন স্থানে ঘরবাড়ি ও রাস্তা-ঘাটের বেহাল দশা ফুটে উঠছে। একচালা টিনের ঘর, মাটির ঘর, সেমিপাকা ঘর, কালভার্ট, গ্রামীণ সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি জমে থাকায় গোখাদ্যের সংকট দেখা দিয়েছে বিভিন্ন গ্রামে। ভাঙন দেখা দিয়েছে মীরসরাইয়ের গুরুত্বপূর্ণ সিডিএসপির বাঁধে। বঙ্গোপসাগরের ভাঙন থেকে রক্ষা পেতে ১৯৯৪ সালে মীরসরাই উপকূলীয় এলাকায় নির্মাণ করা হয় চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্টের (সিডিএসপি) বাঁধ। ১১.৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই বাঁধ সংস্কার না হওয়ায় অনেকদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে আছে। গুরুত্বপূর্ণ এই বাঁধে মুহুরী প্রজেক্ট স্লুইচ গেটের দক্ষিণ পাশে এবার ফাটল দেখা দিয়েছে।
কাপ্তাই (রাঙ্গামাটি) থেকে মো.কবির হোসেন জানান, রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের পানি বৃদ্বির ফলে নিম্ন অঞ্চলের অনেক বসতঘর পানির নিচে নিম্নজিত। এবং চলাচলের একমাত্র সড়ক ও ব্রীজ ডুবে যাওয়ার ফলে স্কুল, কলেজ ও মাদ্রসা শিক্ষার্থীদের নিয়ে আতঙ্ক বেড়েছে অভিভাবকদের মাঝে। গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের ফলে হ্রদের পানি অতিমাত্রায় বৃদ্বি পেয়েছ। ফলে কাপ্তাই হ্রদের পাশে বসবাসকারীদের বাসতঘর পানির নিচে ডুবে গেছে। বসবাসকারীরা আশ্রয়ের জন্য উচু এলাকায় বসবাস করছে। হ্রদ, মানুষ ও বাঁধ রক্ষায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রদের কর্তৃপক্ষ গত ২৪ আগস্ট হতে ৬ইঞ্চি ও ৪ইঞ্চি করে পানি ছেড়ে দিচ্ছে। যা পাশ্ববর্তী কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।