নুরুল আলম বাকু।।

চুপ! শালা চুপ থাক, কথা মোটে কবি না
সব আমি একা খাবো কেউ কিছু ছুঁবি না।

হাট খাবো, ঘাট খাবো
দামী দামী কাঠ খাবো
ধান খাবো পাট খাবো
ফসলের মাঠ খাবো।

গাড়ি খাবো বাড়ি খাবো
দামী দামী শাড়ী খাবো।

দুই চোখ বুজে থাক সেজে থাক অন্ধ
দেখে শুনে চুপ থাক মুখ করে বন্ধ।

বালি খাবো মাটি খাবো
মাদকের ঘাটি খাবো
বিদ্যুতের খুঁটি খাবো
ক্যাসিনোর গুটি খাবো

কাড়ি কাড়ি টাকা খাবো
কারখানার চাকা খাবো।

চুপ! শালা চুপ থাক কথা মোটে কবি না
আমাকে না বলে তুই কোনকিছু ছুঁবি না।

চাল ডাল জিরা খাবো
সোনা রূপা হীরা খাবো
তেল চিনি আটা খাবো
কারবারে বাটা খাবো।

সবখানে কোটা খাবো
ব্যাবসায় মোটা খাবো।

চুপ, শালা চুপ থাক কথা মোটে কবি না
সেলামী না দিলে তুই কোনকিছু পাবি না।

লেখকের মাথা খাবো
কাব্যের পাতা খাবো
বনেদির মান খাবো
সঙ্গীতের তান খাবো।

সুদ খাবো ঘুষ খাবো
পিনিকের জুস খাবো।

চুপ, শালা চুপ থাক কথা মোটে কবি না
আমাকে না বলে তুই কোনকিছু খাবি না।

কৃষকের গোলা খাবো
ধান গম ছোলা খাবে
পালকের তাজ খাবো
শ্রমিকের কাজ খাবো।

তরুনের মাথা খাবো
আছে যত ভাতা খাবো।

সব আমি একা খাবো কেউ কিছু পাবি না
পরে কী হবে, না হবে ওসব আমি ভাবি না।।