টানা তিনদিনের ভারি বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার শহর। প্রধান সড়কে জমেছে কোমরপানি। জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছেন পর্যটন শহর কক্সবাজারের বাসিন্দারা। গত ২৪ ঘন্টায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে।
একইসাথে সাপ্তাহিক ছুটির দিনে বেড়াতে গিয়ে বিপাকে পড়েছেন প্রায় ২৫ হাজার পর্যটক। বৃষ্টির পানিতে রাস্তাঘাট সয়লাব হওয়ায় অনেক পর্যটক হোটেল কক্ষে আটকা পড়েছেন।
বৃষ্টিতে কক্সবাজারের ৯ টি উপজেলার ২০টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এসব এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ। তারা সীমাহীন কষ্টে মধ্যে দিন পার করছেন।
গত বুধবার থেকে কক্সবাজারে বৃষ্টিপাত শুরু হয়। পর্যটন শহরটিতে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকা ও অপরিকল্পিত রাস্তাঘাট করায় সামান্য বৃষ্টিতেই পানিতে সয়লাব হয়ে পড়ে রাস্তা ও অলিগলি।
শহরটির প্রধান সড়ক ও সাগর পাড়ের কলাতলি এলাকা সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায়। এ অবস্থায় শহরের বাসিন্দারা যেমন বাড়ির বাইরে যেতে পারছেন না, তেমনি পর্যটকরাও মারাত্মক ভোগান্তির মুখে পড়েছেন। কক্সবাজারে সাম্প্রতি সময়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবার।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ তোফায়েল হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে শুক্রবার বিকাল ৩ টা পর্যন্ত ৫০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটি একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এর আগে ২০১৫ সালের ২৪ জুন একদিনে ৪৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।
ভারি বর্ষণে কক্সবাজার শহরের কমপক্ষে ২০টি সড়ক ও উপসড়কসহ গলিপথ হাঁটু এবং কোমর পানিতে তলিয়ে গেছে। বর্ষণের পানিতে কোমর পানিতে ডুবে গেছে সাগর পাড়ের কলাতলি সড়ক। এ সড়কেই বেশির ভাগ আবাসিক হোটেলে রয়েছে পর্যটক।
সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় হোটেল কক্ষেই আটকা পড়েছেন অনেক ভ্রমণ পিপাসু মানুষ। তারা বাইরে বের হতে না পেরে হোটেল কক্ষেই দিন কাটাচ্ছেন।
সাগর পাড়ের হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন বলেন, হোটেলটির ২৫টি কক্ষে ৫০/৬০ জন পর্যটক রয়েছেন। টানা বর্ষণের কারণে হোটেলের সামনের রাস্তাটি জলাবদ্ধ থাকায় অনেক পর্যটক কক্ষেই সময় কাটাতে বাধ্য হয়েছেন।
তিনি জানান, সাগর পাড়ের হোটেল-মোটেল জোনে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় একটুখানি বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাজধানী ঢাকা থেকে বেড়াতে আসা কাজী শাহাবুদ্দিন নামের একজন পর্যটক ক্ষোভ প্রকাশ করে বলেন, একদম অপরিকল্পিত একটি পর্যটন শহর কক্সবাজার। একটুখানি বৃষ্টি হলেই হোটেল থেকেও বের হওয়া যায় না। এখানে পানি নিষ্কাশনেরও তেমন ব্যবস্থা নেই।
কক্সবাজার হোটেল-মোটেল-গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, সাপ্তাহিক দু’দিনের ছুটির প্রথম দিন শুক্রবার হওয়ায় অনেক পর্যটক এসেছে। তাদের অনেকেই আবার ফিরেও গেছে। এখনো কমপক্ষে ২৫ হাজার পর্যটক অবস্থান করছে কক্সবাজারের হোটেলগুলোতে। তিনি বলেন, এসব পর্যটকের বেশির ভাগই হোটেল কক্ষে আটকাবস্থায় সময় পার করছেন। তার অন্যতম কারণ হচ্ছে পরিকল্পনাহীন উন্নয়ন। এখানে সড়ক উন্নয়ন করা হয়েছে কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়নি।
এদিকে, মৌসুমের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের কারণে গত দু’দিন ধরে কক্সবাজার শহর ছাড়াও জেলার ৯ টি উপজেলার লাখ লাখ মানুষ দুর্ভোগের শিকার হয়েছে। মৌসুমী বায়ুর প্রবাহে সবচেয়ে বেশি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সেন্টমার্টিনসহ দ্বীপাঞ্চল ও উপকূলীয় এলাকায়। বৃষ্টির পানিতে উখিয়া, টেকনাফ, রামু, কক্সবাজার সদর, রামু, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও কুতুবদিয়ার মানুষ সীমাহীন কষ্টে রয়েছেন।