সাতক্ষীরা ও কুষ্টিয়া সীমান্ত থেকে পৃথক অভিযানে তিন কোটি টাকার ৪৩টি সোনার বার উদ্ধার ও ৫ জনকে আটক করেছে বিজিবি।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে এক কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১১টি স্বর্ণের বারসহ জাকির হোসেন (৩১) নামে এক যুবককে আটক করে বিজিবি। সে লক্ষ্মীদড়ি গ্রামের আরিজুল মোল্লার ছেলে।
সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মো. আশরাফুল হক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার গভীররাতে ভোমরার লক্ষ্মীদাড়ি এলাকা থেকে স্বর্ণগুলো আটক করেন তারা।
লেফট্যানেন্ট কর্নেল বলেন, “লক্ষ্মীদাড়ি সীমান্ত দিয়ে সোনার বড় একটি চালান ভারতে পাচার হওয়ার গোপন সংবাদে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়।
“এ সময় জাকির হোসেনকে আটক করে তার শরীরে তল্লাশি চালানো হয়। এ সময় তার কোমরে প্যাঁচানো গামছার ভেতর থেকে ১১টি সোনার বার উদ্ধার করা হয়।”
উদ্ধার করা স্বর্ণের ওজন ১ কেজি ৪৮৩ গ্রাম; যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকা বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় জাকিরকে আটক করা হয়েছে জানিয়ে লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল হক বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা দিয়ে আসামিকে থানায় হস্তান্তর এবং সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।
কুষ্টিয়া : বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন দুটি অভিযান চালিয়ে ৩২টি সোনার বারসহ চার জনকে আটক করে। বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সুকারঘাট এলাকায় নায়েক সুবেদার শওকত আলীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইনছাপনগর মরারপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নজরুল ইসলাম (২০) এবং একই গ্রামের কাজল বিশ্বাসের ছেলে সেলিম রেজাকে (২২) আটক করা হয়। তাদের কাছ থেকে এক কেজি ৩৭৩ গ্রাম সোনা (সাতটি দ্বিখণ্ডিত সোনার বার), দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন (সিমসহ) এবং নগদ এক হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি ৪২ লাখ ১৯ হাজার ৫২৭ টাকা।
বিজিবি অধিনায়ক আরও জানান, এ ঘটনায় কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা দায়ের এবং জব্দ সোনা কুষ্টিয়া জেলা ট্রেজারিতে জমা করার কার্যক্রম চলছে।
একই দিন ভোর সাড়ে ৫টার দিকে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে টহল দল মেহেরপুর সদর থানার অন্তর্গত আমঝুপি মেইন রাস্তায় ঢাকা থেকে মেহেরপুরগামী যাত্রীবাহী জেআর পরিবহন (রেজি. নং-১৪-৬৭৯১) বাসে অভিযান চালায়। এ সময় ২ কেজি ৬১৮.৬৮ গ্রাম সোনা (২৫টি দ্বিখণ্ডিত সোনার বার), নগদ ৫ হাজার ৮০৪ টাকা এবং দুটি মোবাইল ফোনসহ আলাল হোসেন এবং রাজিব হোসেন নামে দুজনকে আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৬০ লাখ ২৫ হাজার ৮০৪ টাকা।