চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলায় মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্র বাদশা (২০) ও কাঁচামাল ব্যবসায়ী আলাউদ্দিন আলা (৪২) নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী দু’জন।
গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত বাদশা চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের চকপাড়ার সাইফুল ইসলামের ছেলে।
তিনি আলমডাঙ্গা সরকারী কলেজের এইচএসসি শিক্ষার্থী ছিলেন এবং আলাউদ্দিন আলা জয়রামপুর কাঁঠালতলার মরহুম হাশেম মোল্লার ছেলে। তিনি কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।
হাউলী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়র্ডের ইউপি সদস্য ছাবিনা ইয়াসমিন জানান,বাদশাসহ তিনজন একটি মোটরসাইকেলে চেপে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে আসছিলেন। দ্রুতগতির মোটরসাইকেলের চালক ছিল বাদশা। জয়রামপুর কাঁঠাতলা নামকস্থানে তারা পৌঁছুলে রাস্তা পারাপার হওয়া পথচারী আলাউদ্দিন আলার সঙ্গে তাদের ধাক্কা লাগে।
এতে তিনজনই রাস্তার উপরে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। বাদশা আলমডাঙ্গা সরকারী কলেজের এইচএসসি শিক্ষার্থী ও আলাউদ্দিন আলা কাঁচামাল ব্যবসায়ী ছিলেন বলে তিনি জানান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক আরাফাত ইসলাম বলেন, জয়রামপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় বাদশা নামের এক যুবক নিহত হয়েছেন। সদর হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.আল ইমরান জুয়েল বলেন, আমরা বাদশা নামের এক যুবককে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে আলাউদ্দিন আলাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এদিকে আহত পথচারী আলাউদ্দিন আলার চাচাতো ভাই আব্দুল হালিম জানান, আলাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার সময় তিনি মারা যান।।