বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, ‘আল্লাহ বাংলাদেশ থেকে নাপাক শেখ হাসিনাকে অপসারণ করে আমাদের প্রাণের দেশ গড়ার সুযোগ দিয়েছেন। দেশে পরাজিত শক্তি বসে নেই। স্বৈরাচার আবারও বাংলাদেশের মানুষের বুকের ওপর ছোবল মারার জন্য অপেক্ষার প্রহর গুনছে।’

আজ শনিবার সকালে টাঙ্গাইল পৌর উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈরাজ্যবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের এতো শক্তি ছিল, শেখ হাসিনার পালিত শক্তি, সেই লীগেরা রাতের অন্ধকারে সংখ্যালঘুদের ওপর হামলা করে কালনাগিনী হয়ে ছোবল মারতো, আবার দিনের আলোতে তারা ওঝা হয়ে ঝাড়তে আসতো।

মামুনুল হক বলেন, আওয়ামী লীগ মোনাফেক শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে আর পূর্নবাসিত হতে দেওয়া হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির বাংলাদেশ গড়েছে এটাকে অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, ‘২০২১ সালে ভারতের মোদীকে আমন্ত্রণ জানিয়ে মুসলমানদের রক্তের সঙ্গে উপহাস করা হয়েছিল। তখন হেফাজত ইসলামের প্রতিবাদের প্রেক্ষিতে হেফাজতের প্রায় ২০-৩০ জন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করেছিল।’

সংবিধানের কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী ৭২ -এর সংবিধান করে ৫০ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে।

এ সময় তিনি গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।

টাঙ্গাইল জেলা কওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, পৌর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সুরা সদস্য মুফতি আশরাফুজ্জামান, যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমাদ ও মাওলানা আতাউল্লাহ আমীন, জেলা শাখার সভাপতি হাফেজ এনামুল হাসান প্রমুখ।