নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে নন নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসরণ পূর্বক উক্ত পদ গুলোতে উচ্চ শিক্ষিত দক্ষ ও অভিজ্ঞ নার্সদের নিয়োগের এক দফা দাবীতে মানববন্ধন করলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা
জানা যায়, বুধবার বার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি পরিষদ।
তাদের এক দফার মধ্যে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ-পূর্বক উক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের নিয়োগ দিতে হবে।
সম্প্রতি নার্সিং পেশা ও নার্সদের নিয়ে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক মাকসুরা নূরের করা এক ব্যক্তব্য ঘিরে আন্দোলন হয়। এরই ধারাবাহিকতায় আজ এ কর্মসূচি পালন করেন তারা।
সমাবেশে বক্তারা তাদের এক দফা দাবি পূরণের জন্য কঠোর হুঁশিয়ারি দেন।আন্দোলনকারী নার্সরা জানান, আগে এ দাবি মানার আশ্বাস দেয়া হলেও ১২ সেপ্টেম্বর পুনরায় একজন নন-নার্সকে প্রশাসনিক কর্মকর্তা রেজিস্টার পদে পদায়ন করা হয়েছে। যা নার্সদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও দেশব্যাপী সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে নার্সরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সংশ্লিষ্টরা বলেন, এ আন্দোলন দীর্ঘায়িত হলে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে নার্সদের অভাবে রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হতে পারে। যা দেশের সার্বিক স্বাস্থ্যখাতের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।
এদিকে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধনে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের শিখা রানী, কাজল রেখা এবং নাসিমা খাতুন । এছাড়াও উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন তহমিনা খাতুন (বিএসসি),মো:সেলিনা খাতুন,আঞ্জুমান আরা, আন্জুরা খাতুন, রিনা খাতুন,
মেহেরাবুল, জয়নব, নিশাত আনাম, বেবি,নাসরিন আখতারী, শান্তনী খাতুন, রুপালি খাতুন, সোহেলী খাতুন , রোকসানা খাতুন, ববিতা খাতুন, সুরাইয়া খাতুুন,তানভিন মুক্তি, নাসরিন খাতুন, ফিরোজা বেগম, রেক্সোনা খাতুন সহ প্রমুখ।
গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের পেশাক নিয়ে কটূক্তি করেন। যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা প্রদানকে ‘ভুল’ বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে ৯ সেপ্টেম্বর থেকে আন্দোলন শুরু হয় নার্সদের।।