চুয়াডাঙ্গা সংবাদদাতাঃ
এক দফা দাবি বাস্তবায়নে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জীবননগর নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।
আজ (বুধবার) বেলা ১২ টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পালের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা। এর আগে মানববন্ধন করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার রানু খাতুন , সিনিয়র স্টাফ নার্স তাহমিনা খাতুন, শান্তনী খাতুন, জয়নব খাতুন, নাছরিন খাতুন সহ প্রমুখ।
আর এ বিষয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার মোছাঃ রানু খাতুন জানান, সারাদেশের ন্যায় জীবননগরেও এক দফা দাবি বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আমরা চাই নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে ওই পদগুলোতে দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়ন করা হোক।
প্রসঙ্গত, এক দফা দাবিতে গত ৯ সেপ্টেম্বর থেকে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।