কাজের সন্ধানে ভারতে যেয়ে আটক, তারপর দুই বছর জেল খেটে দেশে ফিরেছে পাঁচজন বাংলাদেশি। রোববার সন্ধ্যারাতে তাদেরকে বেনাপোল স্থলবন্দর দিয়ে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। একদিন মানবাধিকার সংগঠন রাইটস যশোরের শেল্টারহোমে থাকার পর সোমবার তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খুলনার রূপসা উপজেলার রফিক জানান, তিনি দালালের মাধ্যমে ২০২২ সালে সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যান। সেখান থেকে কেরালা রাজ্যের চেরাই এলাকায় অবস্থান নিয়ে সমুদ্রে মাছ ধরার কাছ করতেন। প্রতিদিন পাঁচশ’ রুপি মজুরির পাশাপাশি মাছের থেকে কমিশন পেতেন। এ বাবদ সপ্তাহে আরও প্রায় ২০ হাজার রুপি আয় হতো। সে হিসেবে মাসে আয় হওয়ার কথা ৭০ থেকে ৮০ হাজার রুপি। কিন্তু, ‘কপালে সুখ বেশিদিন সইলো না। মাত্র ১৮ দিনের মাথায় কেরল পুলিশের হাতে ধরা পড়লাম। দুই বছরের জেলে সোজা ত্রিশুর ভিয়ের সেন্ট্রাল জেল’-বলেন রফিক।
রফিকের মতো কেরল পুলিশের হাতে আটক হন রফিকের এলাকারই শাহীন শিকদার, তার স্ত্রী এবং শিশুপুত্র। তারা আটক হয়েছিলেন নর্থ পারুনের নিজ ভাড়াবাড়ি থেকে। সেসময় তার স্ত্রী দুই মাসের সন্তানসম্ভবা ছিলেন। তাদেরকেও দুই বছরের জেল দিয়ে ত্রিশুর ভিয়ের জেলখানায় পাঠানো হয়। শিশুপুত্রকে পাঠানো হয় একটি শেল্টারহোমে। জেলখানাতেই দ্বিতীয় সন্তানের জন্ম দেন শাহীনের স্ত্রী।
রফিক জানান, কেরলে অনেক বাংলাদেশির অবস্থান। তারা মাছ ধরা, ভাংগাড়ির কারবারসহ নানা ধরনের কাজের সাথে যুক্ত। এদের অনেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে, আবার কেউ কেউ পাসপোর্ট ভিসা করেই সেখানে গেছেন। তবে, সবাই কোন না কোনো দালালের মাধ্যমে সেখানে যান। এসব দালাল বাংলাদেশিদেরকে স্থানীয় ‘মহাজনদের’ জিম্মায় দিয়ে অর্থ উপার্জন করেন। সেই মহাজন বাংলাদেশিদের নানা কাজের সাথে যুক্ত করে লাভবান হন। বাংলাদেশিরাও বাড়তি রোজগার করেন। রফিক ২০১৮ সালে প্রথম ভারতে গিয়েছিলেন পাসপোর্ট ভিসা করেই। তিনি তিনমাস তিনমাস করে সেখানে অবস্থান করে কাজ করতেন। এরপর ফিরে এসে কয়েকদিন পর ফের যেতেন। পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে তিনি দালালের মাধ্যমে ২০২২ সালে অবৈধ পথ দিয়ে ভারতে প্রবেশ করেন।
রফিক বলেন, ‘সি বিচের একটি দোকানে বসে থাকা অবস্থায় পুলিশ অভিযান চালিয়ে আটক করে। ভিসা বা আধার কার্ড না থাকায় থানায় নিয়ে যায়। পরে দুই বছরের জেল দেয় আদালত।’ রফিকের দাবি, ‘স্থানীয় মানুষেরাই আমাকে ধরিয়ে দিয়েছে। এরকম ঘটনা প্রায়ই ঘটে।’
দালালের মাধ্যমে ২০২২ সালে কেরালায় গিয়েছিলেন শাহীন শিকদার। তিনিও সাতক্ষীরার ভোমরা সীমান্তের অবৈধ পথ দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে একজন দালাল তাকে নিয়ে যান কেরালার নর্থ পারুনে। সেখানে তিনি ভাংগাড়ির কাজ করতেন। শাহীন যাওয়ার দুই মাসের মধ্যে ডাক্তার দেখানোর জন্যে শিশু সন্তানকে নিয়ে ভারতে যান তার সন্তানসম্ভবা স্ত্রীও। তবে, পাসপোর্ট-ভিসার মাধ্যমে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গিয়েছিলেন শাহীনের স্ত্রী।
শাহীন জানান, স্ত্রীর ডাক্তার দেখানোর পর সুস্থ হয়ে ওঠেন। কিন্তু, তিনি দেশে ফিরে না এসে তার সাথে কেরালায় অবস্থান করতে থাকেন। একদিন পুলিশি অভিযানে আটক হন তারা।
চলতি বছরের ২৬ আগস্ট তাদের সাজার মেয়াদ শেষ হয়ে যায়। সেখান থেকে শাহীন ও রফিককে নিয়ে যাওয়া হয় ডিটেনশন সেন্টার ডিটিআর এ। গত ১২ সেপ্টেম্বর চেন্নাইস্থ বাংলাদেশি উপ-হাই কমিশন থেকে সকলের দেশে ফেরার জন্যে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। যার ভিত্তিতে ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে গত ৩ অক্টোবর কেরালা পুলিশ সবাইকে নিয়ে যাত্রা করে। তারা ৫ অক্টোবর রাতে কোলকাতায় পৌঁছায়। ৬ অক্টোবর দুপুর ১২টার দিকে তাদেরকে পেট্রাপোল স্থলবন্দরে নিয়ে আসা হয়। সন্ধারাতে পাঁচজনকেই বেনাপোল ইমিগ্রেশনের ওসির কাছে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। সেখান থেকে বেনাপোল পোর্ট থানায় জিডি করে সবাইকে মানবাধিকার সংগঠন রাইটস যশোরের কাছে হস্তান্তর করা হয়।
রাইটস যশোর শিশুসহ মাকে সংস্থার নিজস্ব শেল্টারহোন প্রশান্তি নিলয়ে রাখে। রফিক ও শাহীনকে রাখে অন্য একটি হোমে। সোমবার সবাইকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানান, ভারতের বিভিন্ন প্রদেশে বাংলাদেশিদের নিয়ে নানা কাজে যুক্ত করে স্থানীয় প্রভাবশালীরা। সাধারণত ওই দেশের মানুষেরা যে কাজ করে না সেসব কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজে বাংলাদেশিদের নিযুক্ত করা হয়। সাধারণত এরা স্বাধীন মনে হলেও ওই চক্রের ঘেরাপোট থেকে তাদের বের হওয়ার কোনো উপায় থাকে না। এটা অনিরাপদ অভিবাসন। কখনো কখনো পুলিশ অভিযান পরিচালনা করলে তারা আটক বা উদ্ধার হতে পারে।
কাজের এই প্রক্রিয়ায় পাচারের ঘটনা এখন অনেক বেশি ঘটছে বলেও জানান বিনয় কৃষ্ণ মল্লিক।