চুয়াডাঙ্গার দর্শনায় ব্যুরো বাংলাদেশ নামে একটি এনজিওতে ঢুকে ক্যাশিয়ারকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় অবস্থা বেগতিক দেখে একটি বোমা সদৃশ বস্তু রেখে পালিয়ে যান দুর্বৃত্ত।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তার স্বার্থে বাড়ির সব লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছেন বলে জানা গেছে।
ব্যুরো বাংলাদেশ এনজিওর দর্শনা শাখার অ্যাকাউন্টস অফিসার ফেরদৌস বলেন, ‘আমি অফিসে কাজ করছিলাম। অন্যরা টাকা আদায় করতে সকালে চলে যান। হেলমেট পরিহিত এক যুবক অফিস কক্ষে এসে আমার পায়ের কাছে একটি বোমা সদৃশ বস্তু রাখেন এবং কপালে পিস্তল ঠেকিয়ে বলেন, অফিসে যা কিছু আছে সব কিছু তাকে দিয়ে দিতে। বাইরে আমাদের আরও সদস্য আছে, যদি চিল্লাচিল্লি করেন তাহলে গুলি করবো।’
তিনি আরও বলেন, ‘পরে আমি দৌড়ে বাইরে জানালার কাছে এসে চিৎকার করলে ওই যুবক বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যান। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।’
দামুড়হুদা সার্কেলেরর সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা বলেন, ‘সেনাবাহিনীর ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম, দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর, র্যারের একটি দল এনজিও অফিসটি পরিদর্শন করে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনির সদস্যরা ঘিরে রেখেছেন অফিসটি। খবর দেয়া হয়েছে বোম্ব ডিসপোজাল টিমকে। অভিযুক্তকে আটকে পুলিশ কাজ করছে।।’