ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার ত্রিবিনী ইউনিয়নের পদমদী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারের জেরে একই উপজেলার পদ্মদি গ্রামের বিএনপি নেতা সন্তোষ কাজী ও বিএনপি নেতা আমিরুলের কর্মী সমর্থকদের মাঝে কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। সোমবার রাতে পুলিশ গিয়ে উভয়পক্ষের লোকজনদের ছত্রভঙ্গ করে দেয়। এদিন সকাল ৬টার দিকে হঠাৎ করেই আমিরুল ও সন্তোষের সমর্থকরা দেশিয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় মারপিট ও ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। এদের মধ্যে হায়দার আলী, রাকিব হোসেন, ইউনুস হোসেন, আনিচুর রহমান, আমিরুল ইসলামসহ বেশ কয়েকজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। বাকিদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, এদিন সকালে শৈলকুপা উপজেলার পদ্মদি গ্রামে আধিপত্য বিস্তারে নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এখনও কাউকে আটক করা যায়নি।।