খুলনা নগরীর ডাকবাংলো এলাকায় জাতীয় পার্টি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে একদল যুবক। এসময় তারা অফিসের প্লাস্টিকের কয়েকটি চেয়ার ও কিছু ব্যানার-প্লাকার্ড আগুনে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনার পর পার্টি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু জানান, মাগরিবের নামাজের সময় পার্টি অফিসে কেউ ছিলেন না। তখন ৫০-৬০ জনের একদল যুবক তাদের কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর তারা পার্টি কার্যালয়ে ঢুকে সাইনবোর্ড, চেয়ার-টেবিল, ফ্যান, টিভি ভাঙচুর করেন। তারা কয়েকটি ফাইল ও কাগজপত্র নিয়ে যায়। এছাড়া তারা কয়েকটি চেয়ার, ব্যানার-প্লাকার্ড নিয়ে পার্টি অফিসের সামনের রাস্তায় ফেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। তিনি জানান, এ ঘটনায় তারা মামলা করবেন। এছাড়া রোববার সন্ধ্যায় পার্টি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এদিকে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের টুটপাড়া স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে পার্টি অফিসের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।