রাজধানীতে বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের নির্দেশে আজ সোমবার বিকেল ৪টা থেকে এ কার্যক্রম শুরু হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ মালামাল উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে নিরাপত্তামূলক এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে।
ঢাকা মহানগরীর হাজারীবাগের বসিলা, কোতোয়ালির বাবুবাজার, শ্যামপুরের পোস্তগোলা ব্রিজ, যাত্রাবাড়ীর সাইনবোর্ড, ডেমরার স্টাফ কোয়ার্টার, সবুজবাগের বাসাবো রাস্তায় (কমলাপুর), দারুস সালামের গাবতলী, খিলক্ষেতের ৩০০ ফিট, উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর ব্রিজ ও কামারপাড়া ও তুরাগের ধৌড় ব্রিজ এলাকায় ডিএমপির বিশেষ এই চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতি দিন দুটি পালায় এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। প্রথম পালা বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় পালা রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত চলবে।
বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলাকালে নগরবাসী ও ঢাকায় প্রবেশকারী সব যানবাহনের চালক ও যাত্রীদের আন্তরিকভাবে সহযোগিতা চেয়েছে ডিএমপি।।