বেনাপোলে ইজিবাইক শ্রমিকদের সাথে হট্টোগোলের জের ধরে যশোরের চাঁচড়া চেকপোস্ট এলাকায় বাস আড় করে জনভোগান্তি ও সেনা সদস্যদের সাথে অশালীণ আচরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় সেনা হেফাজতে নেয়া হয়েছে চারজন শ্রমিক নেতাকে। নেতাদের মুক্তির দাবিতে যশোরের জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ শ্রমিকরা।
এদিকে, ঘটনা নিয়ে এদিন সন্ধ্যায় একটি বৈঠকও হয় জেলা প্রশাসকের কার্যালয়ে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ভূত পরিস্থিতি নিয়ে যশোরের পুলেরহাট সেনা ক্যাম্পে শ্রমিক নেতা ও বাস মালিক সমিতির কয়েকজন নেতার সাথে আলোচনা চলছিল যশোরের দায়িত্বপ্রাপ্ত সেনা অফিসারের।
যশোর জেলা প্রশাসন ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সূত্র থেকে তথ্য মিলেছে, বৃহস্পতিবার সকালে যাত্রী নামানো ও ওঠানোর স্থান নিয়ে বেনাপোলের ইজিবাইক শ্রমিক ও বাস শ্রমিকদের সাথে গোলযোগ বাধে। বেনাপোলে কয়েকজন বাস শ্রমিককে লাঞ্ছিত করার ঘটনায় দুপুরে যশোর চাঁচড়া চেকপোস্ট এলাকায় বাস আড় করে দিয়ে প্রতিবাদ জানাতে থাকেন সাধারণ শ্রমিকরা। এসময় জনভোগান্তি ও যাত্রী ভোগান্তি শুরু হয়। এ খবরে সেনা সদস্যদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বাস সরিয়ে রাস্তা পরিস্কার করতে বলেন শ্রমিকদের। এছাড়া যে কোনো অনাকাঙ্খিত ঘটনা থেকে বিরত থাকার আহবান জানান। এসময় কয়েকজন উচ্ছৃংখল শ্রমিক সেনা সদস্যদের সাথে অশালীণ আচরণ করেন। তারা সেনা সদস্যদের উদ্দেশে ইট-পাটকেল ছোড়েন।
সেনা সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলেও শ্রমিকরা মারমুখি আচরণে অটল থাকেন। এ ঘটনায় ঊর্ধ্বতনদের নির্দেশে সেনা সদস্যরা যশোর জেলা সড়ক পরিবহন সমিতির সভাপতি বিষু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অপর নেতা রফিকুল ও ঝড়ুকে হেফাজতে নেন। এঘটনায় আরও বিক্ষুব্ধ আচরণ শুরু করেন সাধারণ শ্রমিকরা। তারা যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে যান এবং শ্রমিক নেতাদের মুক্তি দাবি করেন। এসময় শ্রমিক নেতা, জেলা প্রশাসনের কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত সেনা অফিসার কর্নেল মোস্তফা কামালসহ অনেকে উপস্থিত হন। ঘটনার সুষ্ঠু সমাধানের চেষ্টা করা হয়। সেনা সদস্যদের উপর চড়াও হওয়া শ্রমিকদের ধরিয়ে দেয়ার আহ্বান জানানো হয় সেনা অফিসারের পক্ষে।
জেলা প্রশাসন সূত্র জানায়, সন্ধ্যায় আলোচনা ফলপ্রসু না হওয়ায় সবাই ফিরে যান। আর অনাকাঙ্খিত ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রাখেন সেনা সদস্যরা।
ট্রেড ইউনিয়ন কেন্দ্র যশোরের নেতা মাহবুবুর রহমান মজনু জানিয়েছেন, চারজন শ্রমিকনেতাকে আটক করেছে বলে তিনি শুনেছেন। ডিসি অফিসে তিনিও ছিলেন। শ্রমিকদের দাবি ছিল নেতাদের মুক্তি, আর সেনা অফিসারের দাবি ছিল চড়াও হওয়া শ্রমিকদের ধরিয়ে দিতে হবে।
এদিকে, রাতে বাস ও মিনিবাস মালিক সমিতির একটি সূত্র জানিয়েছে, পরিস্থিতি উত্তরণ ও সমস্যা সামাধানে বাস মালিক সমিতির কয়েকজনকে সেনা ক্যাম্পে রাত সাড়ে ৯টার দিকে সভা চলছি। সেখানে বাস মালিক সমিতির সভাপতি মুসলিম উদ্দিন পাপ্পুকে ক্যাম্পে ডেকে নেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্যাম্পে আলোচনা চলছিল।