সাতক্ষীরায় এক কেজি ১০৮ গ্রাম ১৫০ মিলিগ্রাম ওজনের ছয়টি সোনার বারসহ একজনকে আটক করেছে বিজিবি। শনিবার সকাল ৮টার দিকে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তের গোয়ালচত্বর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাশেদুল ইসলাম সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আনিছুজ্জামানের ছেলে।
অন্য এক অভিযানে দেবহাটার পুষ্পকাটি এলাকা থেকে ডিবি পুলিশের সদস্যরা দুইশ’ বোতল ফেসসিডিলসহ জয়নাল আবেদীন সরদার ও জাহিদুর রহমান জুয়েল নামে দুজনকে আটক করেছেন।
সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তের গোয়ালচত্বর বাজার এলাকা দিয়ে ভারতে সোনা পাচার হবে বলে তাদের কাছে খবর আসে। এই সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির এসআইপি এর সদস্য নায়েক হরমুজের নেতৃত্বে একটি আভিযানিক দল অবস্থান নেয়। এ সময় একজন চোরাকারবারী রাশেদুল ইসলাম ভ্যানযোগে সীমান্তে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তার গতিরোধ করে তল্লাশি চালান। আটকের কাছ থেকে উদ্ধার হয় ছয়টি সোনার বার। যার মূল্য এক কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৮৬ টাকা।
এ ব্যাপারে কলারোয়া থানায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে এবং রাশেদুল ইসলামকে থানায় সোপর্দ করা হয়েছে। সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।
এদিকে, দেবহাটা উপজেলার পুষ্পকাটি এলাকা থেকে দুইশ’ বোতল ফেনসিডিলসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত ৯টার দিকে তাদের আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। আটকরা হলেন সদর উপজেলার আলিপুর চাপারডাঙ্গী এলাকার মোশারফ হোসেন সরদারের ছেলে জয়নাল আবেদীন সরদার (৪৫) ও দেবহাটা উপজেলার ভেন্নাপোতা গ্রামের জাহিদুর রহমান জুয়েল (৩৩)।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আনিছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুষ্পকাটি বিসমিল্লাহ ব্রিক্স এর সামে থেকে মাদক কেনা-বেচার সময় দুই চোরাকারবারিকে দুইশ’ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়। আটকরা চিহ্নিত মাদক চোরাকারবারি। তাদের বিরুদ্ধে দেবহাটা থানায় নিয়মিত মামলা হয়েছে বলেও জানান তিনি।