বাগেরহাটে দু’জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (১৩ নভেম্বর) সকালে কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামে পূর্ব শত্রুতার জেরে আব্দুল গফ্ফার শেখ (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। তবে কারা কেন তাকে হত্যা করেছে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। নিহত আব্দুল গফ্ফার খলিশাখালী গ্রামের আফসার শেখের ছেলে। সে বিএনপি কর্মী বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, চিতলমারী উপজেলার বড়বাড়িয়া এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে খিতিশ চন্দ্র গাইন (৬৫) নামে এক চা দোকানিকে হত্যা করেছে প্রতিপক্ষরা। এদিন দুপুরে উপজেলার চর বড়বাড়িয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। চা দোকানি খিতিশ চন্দ্র গাইন চর বড়বাড়িয়া গ্রামের নগেন্দ্রনাথ গাইনের ছেলে।
স্থানীয়রা জানায়, চা দোকানী খিতিশ গাইনের সাথে একই গ্রামের সকিনুর শেখের জমি নিয়ে বিরোধ ছিল। বৃহস্পতিবার বেলা ১১টায় এই বিষয় নিয়ে শালিশ বৈঠক হয়। শালিশ বৈঠকে উভয় পক্ষের মধ্যে মীমাংশা হয়ে যায়। সব লোকজন চলে যায়। পরবর্তীতে দুপুরের দিকে সকিনুর খিতিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত খিতিশ গাইনকে উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান বলেন, আধিপত্য বিস্তারের জেরে কচুয়ায় একজন এবং জমি সংক্রান্ত বিরোধের জেরে চিতলমারিতে দু’জনকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের আটকে পুলিশ কাজ করছে। নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।।