রাজধানী ঢাকার আজিমপুরে একটি বাসায় দিনে-দুপুরে ডাকাতি করতে ঢুকে মালামালের সঙ্গে এক শিশুকেও নিয়ে গেছে ডাকাতদলের সদস্যরা। শুক্রবার ১৫ নভেম্বর দুপুরে লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের ধরতে মাঠে নেমেছে পুলিশের একাধিক টিম।
পুলিশের লালবাগ বিভাগের ডিসি জসীম উদ্দীন বলেন, শিশুটির মা সরকারি চাকরি করেন, তারা আজিমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। এদিন দুপুরে অস্ত্রধারী একদল ডাকাত তাদের বাসায় হানা দেয়। এসময় দুর্বৃত্তরা ডাকাতির মালামালসহ তাদের শিশুকে নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে।
এ ঘটনার পর ফুটফুটে শিশুটির ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়েছে ফেইসবুকে। ডাকাত একজন মহিলা আর দু’জন পুরুষ বলে জানিয়েছেন একজন প্রতবেশি।