যশোরে নাশকতা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ১শ’ ৬৭ জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে রয়েছেন যশোর সদর উপজেলার ২০ জন, অভয়নগর উপজেলার ১শ’ ৫ জন এবং কেশবপুর উপজেলার ৪২ জন।
পৃথক তিন আদালতে রোববার তারা আত্মসমর্পণ করলে সংশ্লিষ্ট আদালতের বিচারক যশোর সদর ও অভয়নগরের ১শ’ ২৫ জনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এসময় তারা জয়বাংলা সেøাগান দিতে দিতে কারাগারে যান। অন্যদিকে, কেশবপুর উপজেলার ৪২ জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে বোমাবাজির ঘটনায় গত ১৯ নভেম্বর কোতোয়াালি থানায় মামলা করেন অ্যাডভোকেট মুন্সী মঞ্জুরুল ইসলাম। এ মামলার প্রধান আসামি ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেনসহ ৯৬ জন। রোববার চেয়ারম্যানসহ ২০ জন এজাহারভুক্ত আসামি আদালতে আত্মসমর্পণ করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন যশোর সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রবিউল ইসলাম, ফতেপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মনিরুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, হালিম বিশ্বাস, আবুল বিশ্বাস, কৃষকলীগ নেতা টিটো, সবুর, ফিরোজ, আবু খায়ের, ছাত্তার সরদার, মারজন, তারেক, হালিম, মনির, আরিফ, তন্ময়, হরিচাঁদ, হিরাজ ও রফিকুল ইসলাম। তারা ফতেপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এছাড়া, অভয়নগরের পৃথক দুটি মামলায় একই দিন ১০৫ জন আদালতে আত্মসমর্পণ করেন। এ মামলার আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আনিছুর রহমান মিন্টু, সাবেক হুইপ আব্দুল ওহাবের ছেলে শেখ কাফি সম্রাট, কমিশনার বিপুল শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফি কামাল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মামুন, জসিম উদ্দিন, আমির শেখ, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস সরদার, সাধারণ সম্পাদক বাচ্চু খান। তারা রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
একই দিন কেশবপুরের আরেকটি নাশকতার মামলার এজাহারভুক্ত ৪২জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। তাদের মধ্যে কয়েকজন হলেন মিজানুর রহমান, আলমগীর সরদার, সাইফুল, শহিদুল মোড়ল, মামুন সরদার, সামাদ মোড়ল, ফয়সাল মোড়ল, হাফিজ মোড়ল, শফিকুল গাজী এবং জাহিদ সরদার। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান তাদের জামিন মঞ্জুর করেন।
এ বিষয়ে যশোর সদর উপজেলা ও অভয়নগর উপজেলার আত্মসমর্পণকারী আসামিপক্ষের আইনজীবী সৈয়দ কবীর হোসেন জনি বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার ঘটনার সাথে বাস্তবে কোনো মিল নেই। মনগড়া অভিযোগ দিয়ে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের পক্ষে তারা জেলা জজ আদালতে জামিন ধরবেন। যা প্রক্রিয়াধীন।
এদিকে, আদালতে আত্মসমর্পণকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত চত্বরে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা হাজির হতে থাকেন। দুপুরে নেতাকর্মীদের উপস্থিতির সংখ্যা আরও বৃদ্ধি পায়। দুপুরের পর আত্মসমর্পণকারীদের একে একে প্রিজন্স ভ্যানে উঠিয়ে কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এসময় আদালত প্রাঙ্গণে জয় বাংলা সেøাগান দিতে থাকেন আত্মসমর্পণকারীরা। প্রিজন্স ভ্যান জেল খানায় যাওয়ার পথেও অনেককে ভেতর থেকে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায়।
কোর্ট ইনসপেক্টর রোকসানা খাতুন বলেন, আদালতের নির্দেশে তারা আত্মসমর্পণকারী আসামিদেরকে যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছেন।