ওয়েস্ট হ্যামকে রোববার ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রিমিয়ার লিগ টেবিলে আট পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান শক্তিশালী করেছে লিভারপুল। এদিকে ধুকতে থাকা লিস্টার সিটিকে পরাজিত করে শেষ পর্যন্ত জয় দিয়ে বছর শেষ করেছে ম্যানচেস্টার সিটি।
এভারটনকে হারিয়ে টানা পঞ্চম জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে নটিংহ্যাম ফরেস্ট। আনগে পোস্তেকোগ্লুর টটেনহ্যামের সাথে শেষ মুহূর্তের গোলে ভিটোর পেরেইরার পুরুজ্জীবিত উল্ফস ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে।
আর্নে স্লটের লিভারপুল রেকর্ড স্পর্শকারী ২০তম ইংলিশ লিগ শিরোপার পথে দারুনভাবে এগিয়ে চলেছে। এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ২৩তম জয় নিশ্চিত করেছে অল রেডসরা।
লন্ডন স্টেডিয়ামে ৩০ মিনিটে গোলের সূচনা করেন লুইস দিয়াজ। ৪০ মিনিটে কোডি গাকপোকে দিয়ে ব্যবধান দ্বিগুন করিয়েছেন মোহাম্মদ সালাহ। বিরতির ঠিক আগে মিশরীয় তারকা সালাহ নিজেই স্কোরশিটে নাম লিখিয়েছেন। এটা মৌসুমে তার ২০তম গোল। ৫৪ মিনিটে ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড জুলেন লোপেতেগুইয়ের অসহায় দলের বিপক্ষে চতুর্থ গোল করেছেন। ম্যাচ শেষের ছয় মিনিট আগে দিয়েগো জোতা সালাহর আরো এক এ্যাসিস্টে কোটা পূরণ করেছেন।
জার্গেন ক্লপের স্থলাভিষিক্ত স্লটের অধীনে প্রথম মৌসুমেই উড়তে থাকা লিভারপুল ক্রমেই ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। স্লট বলেছেন, আমি ম্যাচটি দারুন উপভোগ করেছি। পুরো ম্যাচেই দাপুটে পারফরমেন্স সাধারণত চোখে পড়েনা। আমি শুধুমাত্র নিজের সিটে বসে ম্যাচটি উপভোগ করেছি।
সালাহ, আলেক্সান্দার-আর্নল্ড ও অধিনায়ক ভার্জিল ফন ডাইকের ভবিষ্যত নিয়ে এখনো শঙ্কা কাটেনি। যে কারনে লিভারপুলের আক্রমনভাগ নিয়ে দু:শ্চিন্তায় ক্রমেই ঘনীভূত হচ্ছে।
জানুয়ারি ১ তারিখ থেকে শুরু হওয়া শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে এই তিনজন ফ্রি ট্রান্সফারে পরিনত হবে। গুঞ্জন রয়েছে তিনজনই বিদেশী ক্লাবে পাড়ি জমাচ্ছেন। যদিও এখনো তাদের সকলেরই চোখ প্রিমিয়ার লিগের শিরোপার দিকে।
এর আগে দিনের শুরুতে রেলিগেশন খরায় থাকা লিস্টার সিটি সফরে গিয়ে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে স্বস্তিতে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটি। এর মাধ্যমে অক্টোবরের পর থেকে সব ধরনের প্রতিযোগিতায় মাত্র একটি জয় তুলে নিল সিটিজেনরা।
শেষ ১৩ ম্যাচের নয়টিতেই পরাজিত হয়ে লজ্জার রেকর্ড গড়েছে পেপ গার্দিওলার দল। সাভিনহোর প্রথমার্ধের গোলের পর আর্লিং হালান্ডের বিরতির পরের গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে সিটিজেনরা।
যদিও এই জয়ের পর টানা পঞ্চম লিগ শিরোপা জয়ে সিটির সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে পড়েছে। এখনো টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের তুলনায় সিটি ১৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে। তারপরও এই জয়ে সিটি টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে। চতুর্থ স্থানে থাকা চেলসির তুলনায় তারা চার পয়েন্ট পিছিয়ে রয়েছে।
কাল স্বস্তিদায়ক ম্যাচ শেষে সিটি বস গার্দিওলা বলেছেন, ‘এখনই উপভোগের কিছু নেই। কিন্তু এটা সত্যিই স্বস্তি দিচ্ছে। দীর্ঘদিন ধরে আমরা দুর্দান্ত পারফর্ম করছি। আবারো জয়ে ফেরায় মানসিক ভাবে আমরা চাঙ্গা হয়েছি। দ্বিতীয়ার্ধে অবশ্য লিস্টার বেশ ভাল খেলেছে। ৯০ মিনিট খেলার মত শক্তি আমাদের ছিলনা। আশা করছি নতুন বছরে আবারো আমরা ঘুড়ে দাঁড়াতে পারবো।’
নুনো এস্পিরিতো সান্তোর ফরেস্ট গুডিসন পার্কে এভারটনকে ২-০ গোলে হারিয়ে চেলসি ও আর্সেনালকে পিছনে ফেলেছে। ইনজুরি আক্রান্ত স্পার্সরা শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। ৭ মিনিটে হুয়াং হি-চ্যানের দুর্দান্ত গোলে এগিয়ে গিয়েছিল উল্ফস। প্রথমার্ধে রডরিগো বেনটানকার ও ব্রেনান জনসনের গোলে ২-১ ব্যবধানের লিড পায় স্বাগতিক টটেনহ্যাম। কিন্তু ম্যাচ শেষের তিন মিনিট আগে বদলী খেলোয়াড় জর্গেন স্ট্র্যান্ড লারসেনের গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে উল্ফস।
তলানির দল সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে মৌসুমে দ্বিতীয় হোম ম্যাচে জয় পেয়েছে ক্রিস্টাল প্যালেস। ৮৯ মিনিটে গোল হজম করে বোর্নমাউথের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছে ফুলহ্যাম।