উত্তাল রাজনীতি, সংঘাত, টালমাটাল অর্থনীতি, আর নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাগলা ঘোড়ার লাগাম টানতে টানতে চলে এলো ক্যালেণ্ডারের শেষ পৃষ্ঠা। বছরজুড়ে ঘটনার ঘনঘটা, ইতিহাসের মোড় ঘোড়ানো রাজনৈতিক পালাবদল, কূটনৈতিক দাবা খেলার মধ্যেই মৃত্যুর করাল থাবা। সম্ভাবনা আর সাফল্য মুখ না দেখলেও রাজনৈতিক টানাপড়েনে প্রায়ই আন্তর্জাতিক বিশ্বের শিরোনাম হয়েছে বাংলাদেশ। জানুয়ারিতে বিপুল সম্ভাবনা নিয়ে বছর শুরু হলেও ছয় মাসের মাথায় এসেই উন্মাতাল হয়ে ওঠে দেশের রাজনীতি। নৈরাজ্য, নাশকতা, ব্যাপক প্রাণহানির রক্তক্ষয়ী সংঘাতে রণক্ষেত্র হয় বাংলাদেশ। সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে গড়ে ওঠা আন্দোলন একসময় পরিণত হয় শেখ হাসিনার পদত্যাগের এক দফা আন্দোলনে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্যদিয়ে শুরু হয় রাজনীতির পালাবদল। পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে উত্থান-পতন ঘটে অর্থনীতি, কূটনীতি, পণ্যমূল্য, আন্তর্জাতিক সম্পর্কের।
২০২৪ সাল বাংলাদেশের ইতিহাসে এক মোড় ঘোরানো বছর। মূলত. গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশে বরাবরই রাজনীতির ময়দান বেশ সরব। আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- এই প্রধান দুই দলের জনপ্রিয়তা এবং জনসমর্থনে ভর করে স্বাধীনতা পরবর্তী সময় থেকে রাজনীতিতে পাঁচ দশকেরও বেশি সময় কেটেছে। সময়ে সময়ে ক্ষমতার মসনদে একাধিক শক্তির উত্থান ঘটলেও এই দুই দলের মতো কোনো দলই বড় স্কেলে জনসমর্থন আদায় করতে পারেনি। বছর বছর এই দুই দলই রাজনীতির মাঠকে সামনে থেকে গরম রেখেছে। ২০২৪ সালের প্রথমার্ধ এর ব্যতিক্রম ছিল না। বছরের শুরুতে (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। নির্বাচনকে কেন্দ্র করেই আগের বছর অর্থাৎ ২০২৩ সালও বছরজুড়ে উত্তাল এক সময় দেখেছে বাংলাদেশের রাজনীতি। ২০২৪ সাল শেষেও গরম রাজনৈতিক অঙ্গন। তবে আওয়ামী লীগবিহীন রাজনৈতিক অঙ্গনকে গরম রেখেছে বিএনপি এবং বাম শক্তিগুলো।
রাজনীতির পালাবদলের বছর :
২০২৪ সালে জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত ছিল। প্রধান দুটি দল- আওয়ামী লীগ ও বিএনপি ব্যস্ত ছিল তাদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে। বছরের শুরুতে বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতার অভিযোগ ওঠে। বেসরকারি সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) জানিয়েছে, গত আগের বছরের ১৫ নভেম্বর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত দুই মাসে নির্বাচনী সহিংসতায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ হাজার ২০০ জনের বেশি। নির্বাচনে ইভিএমের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে বিরোধী দলগুলো। স্বাধীনতার পর রাজনীতির সবচেয়ে বড় পালাবদলের বছর ২০২৪। টানা ১৬ বছর দুর্দান্ত প্রতাপে দেশ চালানোর পর দেশ চেড়ে ভারতে চলে যেতে হয় শেখ হাসিনাকে। ১ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৬ জুলাই প্রাণ হারান রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। ওই দিন সারাদেশে মারা যায় ৬ জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ডাক আসে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির।
ছাত্র আন্দোলনের এই কর্মসূচি ঠেকাতে রাতেই জারি করা কারফিউ। মোতায়েন করা হয় সেনাবাহিনী। ৫ আগস্ট সেই কারফিউ ভেঙে রাজধানীর অলিগলিতে অবস্থান নেন ছাত্র-জনতা। অভ্যুত্থানের পর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে কারাগার থেকে মুক্তি পান দলটির কয়েক হাজার নেতা-কর্মী। বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ সময় বিদেশে অবস্থান নেয়া দলটির নেতা-কর্মীরাও দেশে ফিরতে থাকেন। রাজনীতিতে চিরকালের প্রভাবশালী দল আওয়ামী লীগ এখন কঠিন সংকটে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন করে রাজনীতির মাঠে শক্ত অবস্থান নেয়ার চেষ্টা করছে। বিভিন্ন দলকে নিয়ে ইসলামী ফ্রন্ট এবং বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-তরুণদের সম্ভাব্য নতুন দলের প্রতিদ্বন্দ্বিতা মাঠের রাজনীতিকে কিছুটা হলেও আলোচনায় রেখেছে। এদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতারা অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন। কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন। হেভিওয়েট অনেকের আদালতে বিচার চলেছে, আত্মগোপনে বেশির ভাগ নেতা। এদিকে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বড় আকারে ‘মব জাস্টিস’ শুরু হয়। প্রধান উপদেষ্টা বা উপদেষ্টাদের হুঁশিয়ারি এবং ‘মব জাস্টিস’ দুই-ই চলছে।
অর্থনীতির খেরোখাতা :
পণ্যের দর বেড়ে যাওয়ায় বছরজুড়ে মূল্যস্ফীতি ছিল উদ্বেজনক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদন অনুযায়ী, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে নভেম্বরেও সারাদেশের সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ১১ দশমিক ৩৮ শতাংশ। অন্তর্বর্তী সরকার নানামুখী চাপে অর্থনীতির হাল ফেরাতে পারছে না। ২০২৪ সালে বাংলাদেশের অর্থনীতি সামগ্রিকভাবে মাঝারিমানে স্থিতিশীল থাকলেও বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জের প্রভাব স্পষ্ট ছিল। এ সময় বৈশ্বিক মন্দা ও উচ্চ মূল্যস্ফীতির কারণে জিডিপি প্রবৃদ্ধি কমে ৫ দশমিক ৭৮ শতাংশে থাকার প্রবণতা দেখালেও পরে অনেক কমে এসেছে। মূল্যস্ফীতি বেড়ে বছরজুরে গড়ে ৯ শতাংশ চলমান থেকে বছরের শেষ সময়ে এসে দুই অঙ্কের ঘরে প্রবেশ করেছে, যা খাদ্য-জ্বালানি ও জীবনযাত্রার মানে গুরুতর প্রভাব ফেলেছে। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে উন্নয়ন খাত অগ্রাধিকারে ছিল, যার লক্ষ্য ছিল বিনিয়োগ পরিবেশ উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানো। কিন্তু এ দুটি খাতের অবস্থা আরো সঙ্গিন হয়েছে। এ অবস্থায় বাংলাদেশের অর্থনীতি ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনা দেখালেও মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
নিত্যপণ্যের দরে জ্বলেপুড়ে বছর পার :
বছরের মাঝামাঝি সময়ে ছাত্র আন্দোলনকে ঘিরে নিত্যপণ্যের বাজার যেন আকাশ ছুঁয়েছিল। ভোক্তাদের আশা ছিল, অন্তর্বর্তী সরকার জিনিসপত্রের দর নাগালে আনতে পারবে। আদতে সেই চিত্র দেখা যায়নি। যদিও সরকার দাম সহনীয় পর্যায়ে আনতে বেশ কিছু পণ্যে শুল্কছাড়সহ নানা সুবিধা দিয়েছে। তবুও সাধারণ ক্রেতা আগের বছরের মতো বিদায়ী বছরটিও পার করেছেন নিত্যপণ্যের দরে জ্বলেপুড়ে। ক্রেতাদের সবচেয়ে বেশি ভুগিয়েছে চাল, ডিম, আলু, সবজি ও সয়াবিন তেলের মতো বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্য। দফায় দফায় দাম বাড়ায় অনেকেই কাটছাঁট করেছেন বাজারের ফর্দ। বাধ্য হয়ে কেউ কেউ কমিয়েছেন ভোগের পরিমাণ। আবার কেউ কেউ বেঁচে থাকার তাগিদে ছুটেছেন টিসিবি এবং ওএমএসের সাশ্রয়ী দরের পণ্যের ট্রাকের পেছনে। আলোচনার শীর্ষে ছিল ডিম। শতক ছুঁয়েছিল বেশির ভাগ সবজির দাম। আলুর বাজারও কম আলোচনার জন্ম দেয়নি। ডিম-সবজির মতো পণ্যটির দামও রেকর্ড উচ্চতায় পৌঁছায়। ঘাম ঝরিয়েছে চালের বাজার। শুল্ক ছাড়েও তেলেসমাতি কাণ্ড ছিল ভোজ্যতেলে।
কূটনীতির নতুন যুগ :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগে নতুন কূটনীতিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ। কয়েক বছর ধরে, হাসিনার নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্ক গভীরভাবে প্রভাবিত ছিল। ভারত, তাকে একটি প্রধান আঞ্চলিক মিত্র হিসেবে দেখে এবং নিজেকে একটি অবিচল অংশীদার হিসাবে তুলে ধরে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রতিবেশি দেশের একটা টানাপড়েন লক্ষ্যণীয়। দুই দেশের নানা উত্তেজনার মধ্যে, আগরতলায় বিক্ষোভকারীরা বাংলাদেশ সহকারী হাই কমিশন ভাংচুর করে এবং জাতীয় পতাকা সরিয়ে দেয়। বাংলাদেশ এই হামলার তীব্র নিন্দা করেছে, এটিকে পূর্বপরিকল্পিত বলে অভিহিত করেছে এবং লঙ্ঘন প্রতিরোধে ব্যর্থতার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সমালোচনা করেছে। এই হামলার ঘটনায় ‘গভীরভাবে দুঃখজনক’ হিসেবে উল্লেখ করে দোষীদের শাস্তি দিয়েছে ভারত। এদিকে পশ্চিমা দেশের সঙ্গে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে। ক্ষমতায় এসে নানা ধরনের সংস্কার কার্যক্রমের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আছে নির্বাচনের তাগিদ। ড. ইউনূসের সরকারকে শুরু থেকে সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর দুই দেশের মধ্যে কেমন সম্পর্ক হবে এটিও আলোচনায় রয়েছে।
বিশ্বের বড় বড় ঘটনা :
২০২৪ সালটি মূলত বিশ্বব্যাপী সংঘাত, বিপর্যয়, পরিবর্তন এবং সংকটের বছর হিসেবে ইতিহাসে চিহ্নিত থাকবে। প্রায় প্রতিটি মহাদেশেই রাজনৈতিক পরিবর্তন এবং সামাজিক উত্থানের সাক্ষী হয়েছে বছরটি। এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র পর্যন্ত বছরটি পরিবর্তনের বার্তা বহন করেছে। সারা বিশ্বের দৃষ্টি ছিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। ৫ নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসকে পরাজিত করে তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন। যুক্তরাজ্যের নির্বাচনেও কৌতূহল ছিল গোটা বিশ্বে। ৫ জুলাই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে কেয়ার স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি ক্ষমতায় আসে। ১৪ বছরের বিজয়ের ধারায় ছেদ টেনে ঋষি সুনাক প্রধানমন্ত্রিত্ব ও কনজারভেটিভ পার্টির নেতৃত্ব হারান। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের নির্বাচনেও দৃষ্টি ছিল বিশ্ববাসীর। ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ৫৪৩ জন প্রার্থী নির্বাচন করতে ভোট দিয়েছেন ভারতবাসী। ৯ জুন তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদি। নির্বাচনের বাইরে ২০২৪ সালে একাধিক প্রাকৃতিক দুর্যোগে বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ প্রাণ হারায়। ১৬ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতে ৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে বন্যা হয়। এতে দুবাই বিমানবন্দর প্লাবিত হয় এবং ওমানে ১৮ জনের মৃত্যু হয়। স্পেনেও প্রবল বন্যায় বহু মানুষ প্রাণ হারায়। মে মাসে আফগানিস্তানে বন্যায় ৪৫০ জন মারা যায় এবং জুনে হজের সময় তাপপ্রবাহে ৫ শতাধিক তীর্থযাত্রী প্রাণ হারান।