যশোরের কেশবপুরে ছেলের বাড়ি যাওয়ার সময় ঘন কুয়াশার মধ্যে পুকুরে পড়ে সকিনা খাতুন (৭২) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার শিকারপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার শিকারপুর গ্রামের মৃত আনসার সরদারের স্ত্রী সকিনা খাতুন রোববার সকালে ঘন কুয়াশার মধ্যে নিজ বাড়ি থেকে বের হয়ে পুকুর পাড় দিয়ে পৃথক বসবাস করা বড় ছেলে নজরুল ইসলামের বাড়ি যাচ্ছিলেন। এ সময় পানিতে পড়ে তিনি মারা যান। এলাকাবাসী পুকুরের পানিতে ওই বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে ডাকচিৎকার শুরু করে। পরবর্তীতে পরিবারের লোকজন এসে পুকুরের পানি থেকে তার মরদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে কেশবপুর থানায় উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ওই বৃদ্ধা ঘন কুয়াশার মধ্যে লাঠি ভর দিয়ে ছেলের বাড়িতে যাওয়ার সময় পা পিছলে পুকুরের পানিতে পড়ে মারা যান। তাছাড়া তিনি চোখেও কম দেখেন। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।