নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাল সবুজ পতাকার দেশের হয়ে ফুটবল খেলার স্বপ্ন দেখছেন হামজা চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে এক পোস্টে বাংলাদেশের পতাকার মধ্যে নিজের একটা ছবি দিয়ে হামজা চৌধুরী লেখেন, একটাই স্বপ্ন – যাত্রাও একটাই।
এদিকে, বাংলাদেশের ক্যাম্পে যোগ দেয়ার পর হামজার জন্য বিশেষ ব্যবস্থা রাখছে বাফুফে। কোচিং স্টাফের পাশাপাশি আলাদা ডাক্তার এবং ফিজিও নিয়ে হচ্ছে আলোচনা।
গুঞ্জন রয়েছে আসন্ন আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হতে পারে হামজার। এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচটি ভারতে অনুষ্ঠিত হবে, আর সম্ভাব্য ভেন্যু হবে শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম।
নিয়ম অনুযায়ী ইংল্যান্ডের ক্লাবগুলো সাধারণত আন্তর্জাতিক ম্যাচের ৭২ ঘন্টা আগে ফুটবলারদের জাতীয় দলের জন্য ছাড়ে। তবে হামজার ক্ষেত্রে তার বর্তমান ক্লাব লেস্টার সিটি চাইলে এ নিয়মে কিছুটা শিথিলতা দেখাতে পারে।