রাজনীতি যেন এক চক্রাকার খেলা। একদল বহুদিন ধরে ক্ষমতায় থেকে সকল সুবিধা ভোগ করে দেশ থেকে পালিয়ে গেছে , আরেক দল বর্তমানে সেই জায়গা দখল করে ভোগ করছে। অন্যদিকে, আরেক দল চেয়ে চেয়ে দেখছে, মজা নিচ্ছে এবং নানা পরিকল্পনা করছে।অপরদিকে অনেক নতুন নতুন দল আসছে, বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছে, যেন তারা ক্ষমতায় গেলে সব ঠিক করে দেবে। কিন্তু আসলেই কি পরিবর্তন আসবে?। তারা আজও কি পারবে জনগণের সকল সমস্যা ঠিক করে দিতে।

দেশের অনেক সাধারণ জনগণও যেন এই খেলায় আবেগের স্রোতে ভেসে যাচ্ছে। কেউ সংস্কার চায়, কেউ নির্বাচন চায়, কেউ আবার বিদেশি শক্তির প্রেসক্রিপশন খোঁজে, আর কেউ নতুন রাজনৈতিক দলগুলোর প্রতি আশাবাদী। কিন্তু প্রশ্ন থেকে যায়—আমরা কি শুধুই ভোট চাই, নাকি বাস্তব সংস্কার করে অবাধ সুষ্ঠু নির্বাচন।

রাজনীতির মঞ্চে কিছু দল নিজেদের ভূমিকা নিয়ে দ্বিধাগ্রস্ত। তারা প্রকাশ্যে কিছু বলছে না, বরং নীরব দর্শকের মতো অন্যদের কর্মকাণ্ড উপভোগ করছে। ক্ষমতায় যারা নেই, তাদের কেউ কেউ সত্যিকারের পরিবর্তনের কথা বললেও, অনেকে শুধু পরিস্থিতি দেখে হাসছে আর সুযোগের অপেক্ষায় আছে। অন্যদিকে, কিছু দল শুধু ত্রুটি খুঁজে বেড়াচ্ছে, কিন্তু নিজেরা কিছু করতে চাইছে না।

প্রতি নির্বাচনের আগে বড় বড় প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়। ক্ষমতার পালাবদল হলেও জনগণের ভাগ্যের খুব বেশি পরিবর্তন হয় না। বরং রঙিন চশমা পরিয়ে আমাদের বিভ্রান্ত করা হয়, যেন আমরা সব ভুলে যাই। অথচ দেশের উন্নতির জন্য প্রয়োজন কার্যকরী সংস্কার, সুশাসন এবং স্বচ্ছ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি।

জনগণের এই দোলাচলের মধ্যে রাজনীতিবিদরা তাদের খেলা চালিয়ে যায়। কিন্তু আমরা কি সত্যি জেগে উঠব? আমরা কি শুধু ভোটের রাজনীতিতে আবদ্ধ থাকব, নাকি প্রকৃত পরিবর্তনের জন্য দাবি তুলব? যারা চেয়ে চেয়ে দেখছে, তাদেরও কি কোন দায় নেই?

মোঃ আব্দুর রহমান অনিক
সম্পাদক ও প্রকাশক
দৈনিক পদ্মা সংবাদ
www.padmasangbad.com