কোটচাঁদপুর সংবাদদাতা।।

মাঘের শীতে বাঘ পালায়– এ প্রবাদ এই বছর আর খাটল না। বিশেষ করে ঝিনাইদহের কোটচাঁদপুরে। শনিবার ছিল ১৮ মাঘ। পঞ্জিকা মতে, ভরা শীত মৌসুম। গরমের রেশ বাড়তে থাকায় শৈত্যপ্রবাহ নেই। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মাঘের বাকি দিনগুলোয় আর হয়তো শীত নাও পড়তে পারে। মাঘ মাসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে থাকে। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস। তাই দেশের উত্তর ও মধ্যাঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যায়। কিন্তু এবার মাঘ মাসে শীতের এমন আচরণ আবহাওয়া বিশেষজ্ঞদের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। তাঁদের মতে, এ সময়ে আবহাওয়া এমনটি থাকার কথা নয়। পুরো শীত মৌসুমে প্রকৃতির বিপরীত আচরণ লক্ষ করা গেছে। বায়ুর আচরণে পরিবর্তন ঘটেছে।

উচ্চ চাপবলয়ের কারণে এ দেশে পৌষ ও মাঘ মাসে শীত পড়ে থাকে। বিশেষ করে মাঘ মাস বা জানুয়ারি মাসে শীতের তীব্রতা বেশি থাকে। কিন্তু এবার তেমনটি ঘটেনি। শীত না পড়ার আরেকটি কারণ হলো পুরো শীত মৌসুমে পশ্চিমা লঘুচাপের প্রভাব পড়েনি।

চলতি মাসে দেশে একবারই মাত্র মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়। মৃদু শৈত্যপ্রবাহও খুব বিস্তৃত ছিল না। এ বছর শীত মৌসুমের গোড়াতেই বারবার হোঁচট খেয়েছে উত্তুরী হাওয়া। ডিসেম্বরেও শীত-শীত ভাবটা উধাও হওয়ার অবস্থা হয়েছিল। জানুয়ারির শুরুতে ঠাণ্ডার মাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও শীতকাল পুরোপুরি বৈশিষ্ট্য ফুটিয়ে তুলতে পারেনি। এভাবে তীব্র শীত ছাড়াই মাঘ মাসের বিদায় ঘটবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।