এমএম জামান মনি, পাটকেলঘাটা: তালা উপজেলায় ১২টি ইউনিয়নের মধ্যে আটটি ভূমি অফিস রয়েছে। এরমধ্যে ধানদিয়া, নগরঘাটা, সরুলিয়া ও কুমিরা নিয়ে একটি অফিস, খলিশখালী, খেরসা, জালালপুর, মাগুরা, ইসলামকাটি, তালা, খলিলনগর, তেতুলিয়া। অফিসগুলোর মধ্যে সব থেকে খারাপ অবস্থায় ইসলামকাটি ইউনিয়ন ভূমি অফিসটি। এটি স্থাপিত হয় ১৭ ডিসেম্বর ১৯৯১ তারিখে। সাতক্ষীরার তৎকালীন জেলা প্রশাসক মো. কাতেবুর রহমান অফিসটির ভিত্তি স্থাপন করেন। পরে ১৯৯২ সালে অফিসটি পুনরায় সংস্কার করা হয়। কিন্তু তারপর থেকে এ পর্যন্ত ভবনটি আর কোন সংস্কার কাজ করা হয়নি।

ভূমি অফিসটিতে ইউনিয়নের বিভিন্ন মূল্যবান জমি-জমার কাগজপত্র থাকায় খুবই খারাপ অবস্থায় রয়েছে। অফিসটিতে অফিস করার মতো কোন পরিবেশ নেই। সরেজমিনে দেখা যায়, অফিসটির টিনের চাল ছিদ্র হয়ে বিভিন্ন জায়গা থেকে আকাশ দেখা যাচ্ছে। বর্ষার মৌসুমে পানি পড়ে। দেওয়ালে ফাঁটল ধরেছে। এই খুপড়ি ঘরের মধ্য এমন মূল্যবান কাগজপত্র রাখা ঝুকিপূর্ণ মনে করছেন অনেকে। অফিসে জমির নামপত্তনের জন্য আসা আব্দুস সোবাহান মোড়ল বলেন, ইসলামকাটি ভূমি অফিসটিতে খুবই খারাপ অবস্থায় আছে। আমি মনে করি, এখানে খুব দ্রুত একটি নতুন অফিস নির্মাণ করা প্রয়োজন। ইসলামকাটি দলিল লেখক সমিতির সেক্রেটারি মনি মুহুরী বলেন, আমি বহুদিন ধরে দেখছি অফিসটিতে কার্যক্রম পরিচালনা করার মতো কোনো অবস্থা নেই। বিকল্প কোন ব্যবস্থা না থাকায় এই অফিসটিতেই অফিসের কার্যক্রম পরিচালনা করছেন নায়েবসহ অন্যান্য কর্মকর্তা-বর্মচারীরা। মনি মুহুরী আরও বলেন, আমিসহ আমার মুহুরীরা সবাই দাবি জানাইÑএখানে একটি নতুন ভূমি অফিস নির্মাণ করা হোক। ইসলামকাটি ইউনিয়ন ভূমি অফিসে বর্তমান দায়িত্বে থাকা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জলিল জানান, আমি নতুন এসে দেখছি এখানে অফিস করার মতো কোন পরিবেশ নেই। তারপরেও আর কোন বিকল্প জায়গা না থাকার কারণে এখানেই অফিসের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। আমি মনে করি, এখানে একটি নতুন ভবন নির্মাণ করা হলে কার্যক্রম পরিচালনা করা খুবই সহজ হতো। তিনি আরও বলেন, আমি অফিসটির ব্যাপারে উর্দ্ধতন কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছি। এই ছোট অফিস থেকে বছরে প্রায় দশ লক্ষ টাকা রাজস্ব আদায় হয়। যদি শতকরার দিক থেকে বিবেচনা করা হয় তাহলে এটা প্রথম স্থানে আছে। ভূমি অফিসের ব্যাপারে এসিল্যান্ড মো. মাসুদুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, আমিও নতুন এসেছি, ভূমি অফিসটির ব্যাপারে আমি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলবো। কোন বরাদ্দ আসলে ইসলামকাটি ভূমি অফিসটির দিকে আগে নজর দিবো।