পাঁচ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহীকে রেখে না ফেরার দেশে চলে গেলেন দৈনিক পদ্মা সংবাদের ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোঃ আতিক টুটুলের মাতা জরিনা বেগম (৭৫)। গত শুক্রবার ভোর রাতে নিজ বাড়ি বংকিরা গ্রামে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, জরিনা বেগম ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। এ ছাড়াও কয়েক বছর ধরে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন। শুক্রবার মধ্যরাতে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটে। সে সময় ডাক্তারের পরামর্শ নেওয়ার পর তিনি কিছুটা সুস্থ বোধ করেন। তবে ভোর রাতে বাথরুমে যাওয়ার সময় আবারও অসুস্থ হয়ে পড়েন। এর কিছুক্ষণ পর তিনি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি পাঁচ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জরিনা বেগমের মৃত্যুর খবরে অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী তার শেষ চেহারা দেখতে বংকিরা গ্রামের তার বাড়িতে ভিড় জমান। আতিক টুটুলের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক পদ্মা সংবাদের সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুর রহমান অনিক সহ দৈনিক পদ্মা সংবাদ পরিবারের সকল সদস্যরা।

বিকালে মরহুমার জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।।